• সল্টলেক থেকে রাজারহাট, পুরুষদের থেকে এগিয়ে ৭৫০০ ‘লক্ষ্মী ভোটার’, ৩ কেন্দ্রে ভোটার ৬ লক্ষ ৯০ হাজার
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, মেয়েদের পড়াশোনার জন্য কন্যাশ্রী, বিয়ের জন্য রূপশ্রী সহ একগুচ্ছ প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। উন্নয়নের পাশাপাশি আর্থিক সহায়তার কারণে তৃণমূলের ভোট বেড়েছে। মূলত তা বাড়িয়েছে মহিলা ভোটাররা। বিগত ভোটগুলিতে তার প্রমাণও দিয়েছেন বাংলার মহিলারা। আজ, বুধবার দ্বিতীয় দফার নির্বাচন। বিধাননগর কমিশনারেটের ৩ কেন্দ্রে প্রার্থী সংখ্যা ৩৫ জন। ভোট দেবেন ৬ লক্ষ ৯০ হাজার ৪১২ জন। তবে সল্টলেক থেকে রাজারহাটে পুরুষদের তুলনায় এগিয়ে রয়েছেন সাড়ে সাত হাজার ‘লক্ষ্মী ভোটার’। রাজনৈতিক মহলের মতে, তাতে শাসক শিবিরে খুশির ঝলক। দুশ্চিন্তায় বিরোধীরা।

    বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বিধাননগর, রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন, এই তিন কেন্দ্রে আজ নির্বাচন। গত নির্বাচনে তিনটি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। কমিশন সূত্রে খবর, এই তিনটি কেন্দ্রে মোট পুরুষ ভোটার ৩ লক্ষ ৪১ হাজার ৪৪৪ এবং মোট মহিলা ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ৯৪৯। অর্থাৎ পুরুষদের তুলনায় ৭ হাজার ৫০৫ বেশি মহিলা ভোটার। এর মধ্যে বিধাননগর কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা ৯৮ হাজার ৮৯১ জন। সেখানে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৯৭৯। রাজারহাট-গোপালপুর কেন্দ্রে মোট পুরুষ ভোটার ১ লক্ষ ৬ হাজার ৪৫৩। মোট মহিলা ভোটার ১ লক্ষ ১২ হাজার ৪২৯।

    এই তিন কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছেন ৩৫ প্রার্থী। এর মধ্যে ১৫ জন নির্দল। বিধাননগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী সুজিত বসু, সিপিএমের সৌম্যজিৎ রাহা, বিজেপির ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় সহ লড়ছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে ৫ জন নির্দল। রাজারহাট-গোপালপুর কেন্দ্রে সেলিব্রিটি প্রার্থী তৃণমূল কংগ্রেসের অদিতি মুন্সি, সিপিএমের শুভজিৎ দাশগুপ্ত, বিজেপির তরুণজ্যোতি তেওয়ারি সহ ১২ জন প্রার্থী রয়েছেন। এখানেও ৫ জন নির্দল। রাজারহাট-নিউটাউনে তৃণমূল কংগ্রেসের তাপস চট্টোপাধ্যায়, সিপিএমের সপ্তর্ষী দেব, বিজেপির পীযূষ কানোরিয়া সহ ১৩ জন প্রার্থী লড়াই করছেন। এখানেও নির্দল প্রার্থীর সংখ্যা ৫। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই তিনটি কেন্দ্রে মোট বুথ রয়েছে ৮৯৪টি। এর মধ্যে বিধাননগর কেন্দ্রে ২৯০, রাজারহাট-গোপালপুরে ২৭৪ এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ৩৩০ বুথ করা হয়েছে। ভোটারদের সুবিধার জন্য এবার নিউটাউনে তিনটি হাইরাইজ কমপ্লেক্সে তিনটি বুথ করা হয়েছে। নিরাপত্তার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে। কমিশনের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের আগের দিন পর্যন্ত কোথা থেকেও কোনো অশান্তির খবর আসেনি। 
  • Link to this news (বর্তমান)