সংবাদদাতা, বসিরহাট: আজ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছতে শুরু করেছেন ভোটকর্মীরা। নদীবেষ্টিত ও দুর্গম দ্বীপাঞ্চলের জন্য নেওয়া হয়েছে আলাদা ব্যবস্থা। নদীপথেই ইভিএম ও অন্যান্য সামগ্রী নিয়ে ওইসব এলাকায় পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, বা শেষ মুহূর্তে কোনও ফাঁক না থাকে, সেদিকে বিশেষ নজর দিয়েছে প্রশাসন। এক ভোটকর্মী কেনারাম হালদার বলেন, সকাল সকাল বেরিয়েছি। ইলেকশন কমিশনারের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে আমরা ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি।