• ফলতায় ২ বুথ শীতাতপ নিয়ন্ত্রিত, ঠান্ডা পরিবেশে চলবে ভোটগ্রহণ
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আজ, বুধবার ভোটের দিন বৃষ্টির পূর্বাভাস আছে। মঙ্গলবার বৃষ্টির পর ভ্যাপসা গরমে ঘেমে স্নান সবাই। বুধবারও ভোটের লাইনে দাঁড়িয়ে যে ঘামতে হবে, তা একপ্রকার নিশ্চিত। কিন্তু ফলতায় অন্য ছবি। একটি ভোটকেন্দ্রে ভোট দিতে ঢুকলেই মিলবে ঠান্ডা অনুভূতি। এই বিধানসভার একটি প্রাথমিক স্কুলে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত ভোটকেন্দ্র। সেখানে দু’টি বুথ রয়েছে। ক্লাসরুমে এসি থাকার সুবাদে ঠান্ডা পরিবেশে ভোটগ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত প্রশাসনের।

    ফলতা প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক তিলক নস্করের উদ্যোগে দু’টি এসি কিনে ক্লাসরুমে বসানো হয়েছিল। সাজানো-গোছানো এই বিদ্যালয় দেখে জেলা প্রশাসন ঠিক করে, এখানে মহিলা বুথ করা হবে। তার সঙ্গে স্কুলটি অর্থাৎ ভোট কেন্দ্রটিকে মডেল হিসাবেও চিহ্নিত করা হয়েছে। বাকি জায়গার ভোট কেন্দ্রগুলিকে বিভিন্ন থিমে সাজানো হচ্ছে। এই স্কুল কিছুটা ব্যতিক্রম। কারণ প্রথমবার এই জেলায় কোনো ভোটকেন্দ্রে কর্মীরা এসি ঘরে বসে ভোট পরিচালনা করবেন। বুথের ভিতর প্রবেশ করার পর ভোটাররাও গরম থেকে কিছুক্ষণের জন্য রেহাই পাবেন। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, আলাদা করে কোনো এসি বসানো হচ্ছে না। আগে থেকেই এখানে এসি বসানো। তাই ঠিক হয়েছে কেন্দ্রটিকে এসি বুথ হিসাবে পরিণত করা হবে। এই ভেবেই ফলতা প্রাইমারি স্কুলকে এই তকমা দেওয়া হয়েছে।

    সূত্রের খবর, ব্লক প্রশাসন এই সিদ্ধান্ত নেওয়ার পর চালানোর জন্য এসির রিমোট প্রধানশিক্ষক স্কুলে দিয়ে গিয়েছেন। মহিলা ভোট কর্মীদেরও বিষয়টি বুঝিয়ে দিয়েছেন আধিকারিকরা। ভোট চলাকালীন ক্লাসরুমের দরজা বন্ধ থাকবে। যখন যে ভোটার আসবেন তিনি দরজা খুলে ভিতরে প্রবেশ করে ভোট দিয়ে আবার বেরিয়ে যাবেন। এসি চলবে বলেই দরজা খোলা রাখা হবে না। কেন্দ্রীয় বাহিনী ক্লাসরুমের ভিতরে ও বাইরে নজর রাখবে।
  • Link to this news (বর্তমান)