• উত্তর শহরতলির ৫ আসনে পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি, প্রভাব পড়বে লক্ষ্মীর ভাণ্ডারের, মত বিশ্লেষকদের
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: শহরতলির ছ’টি বিধানসভা আসনের মধ্যে পাঁচ কেন্দ্রেই পুরুষদের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। সব থেকে বেশি মহিলা ভোটার রয়েছেন দমদমে। এসআইআরের দুর্ভোগ, নাম কাটার চেষ্টা ও লক্ষ্মীর ভাণ্ডারের কারণে শহরতলির সিংহভাগ মহিলা ভোট ঘাসফুল শিবির নিজেদের দিকে টানবে বলেই অনুমান রাজনৈতিক মহলের। যদি তা বাস্তব হয়, তাহলে প্রতিটি কেন্দ্রেই বাজিমাত করতে পারে তৃণমূল। যদিও বিরোধীদের দাবি, এবারের ভোটে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।

    দমদম বিধানসভা কেন্দ্রে এবার মোট ভোটার ২ লক্ষ ১৭ হাজার ৫৪১ জন। তারমধ্যে পুরুষ ১ লক্ষ ৫ হাজার ৬২৯ এবং মহিলা ১ লক্ষ ১১ হাজার ৯০৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন চারজন। এখানে পুরুষদের তুলনায় ৬ হাজার ২৭৯ জন মহিলা ভোটার বেশি। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ন’জন প্রার্থী। বরানগর বিধানসভা এলাকায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৫৪১ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। পুরুষ ভোটার ৯০ হাজার ৬৯০ জন, মহিলা ভোটার ৯৫ হাজার ৮৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এখানেও মহিলা ভোটার সংখ্যা ৫ হাজার ১৫৭ জন বেশি।  দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ৪০ হাজার ৩৪১ জন। তারমধ্যে পুরুষ ১ লক্ষ ১৮ হাজার ৩২৪ জন ও মহিলা ১ লক্ষ ২২ হাজার ১৩ জন। এই কেন্দ্রেও মহিলার সংখ্যা বেশি। এখানে প্রার্থী ন’জন। পানিহাটি বিধানসভা এলাকায় মোট ভোটার রয়েছেন ১ লক্ষ ৮৯ হাজার ৭১৪ জন। তারমধ্যে পুরুষ ৯৩ হাজার ৮০৫ জন ও মহিলা ৯৫ হাজার ৯০৫ জন। এখানেও মহিলা ভোটার ২ হাজার ১০০ জন বেশি। প্রার্থী রয়েছেন ১১ জন। কামারহাটি বিধানসভা এলাকাতেও মহিলা ভোটারের সংখ্যা বেশি। এখানে মোট ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৬৪৬ জন। তারমধ্যে পুরুষ ৮০ হাজার ৬৯৩ জন ও মহিলা ৮১ হাজার ৯৪৭ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। খড়দহ বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৯ হাজার ৮৫৫ জন। তারমধ্যে পুরুষ রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯৯১ জন ও মহিলা রয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৮৫৭ জন। একমাত্র এই কেন্দ্রেই মহিলাদের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা বেশি। এখানে ভোটে লড়ছেন ১২ জন প্রার্থী।

    রাজনৈতিক বিশ্লেষকরা এবারের ভোটে মহিলা ভোটকেই বড়ো ফ্যাক্টর বলে মনে করছেন। সেক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার বড়ো অনুঘটকের ভূমিকা নিতে পারে। রাজ্য তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী বলেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে চতুর্থবার রাজ্যের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রচারে মানুষের সাড়া দেখে বুঝেছি, বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে। অন্যদিকে, বিজেপির উত্তর শহরতলির সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, এবারের ভোটে নারী সুরক্ষা বড়ো ইস্যু। পরিবর্তনের ভোটে মহিলারা বিজেপির পক্ষেই তাঁদের রায় দেবেন। ছবি: চন্দ্রভানু বিজলি
  • Link to this news (বর্তমান)