• আজ ভোটের ভোরে সব পর্যবেক্ষকের সঙ্গে বিশেষ বৈঠক কমিশনের! ৬ কেন্দ্রে বাড়তি বাহিনী
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার রাজ্যের ১৪২টি আসনে ভোটগ্রহণ। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই বিভিন্ন এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন সিইও মনোজ আগরওয়াল। সারা রাত নিজের দপ্তরে  থাকবেন বলে জানিয়েছেন তিনি। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক এনকে মিশ্রও থাকবেন তাঁর সঙ্গে। মঙ্গলবার রাতে সকল থানার ওসির সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটারদের আস্থা বৃদ্ধি করতে সব রকম পদক্ষেপ করা হবে। আজ, বুধবার ভোরে সব পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবেন সিইও। মনোজ জানান, ‘দ্বিতীয় দফার ভোটে কোনও রকম অশান্তি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে। সব আধিকারিক কমিশনের অধীনে রয়েছেন। প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে হবে। শান্তিপূর্ণ ভোট করানো তাঁদের কাজ। কাজ না-করলে কমিশন আগেও ব্যবস্থা নিয়েছে, আবার নেবে।’

    এদিকে এদিনই দলীয় কর্মীদের অযথা গ্রেপ্তারি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই মামলায় হাইকোর্ট ফের জানিয়েছে, অযথা কাউকে গ্রেফতার করা যাবে না। যে কোনও পদক্ষেপের আগে ব্যক্তি স্বাধীনতার বিষয়টি মাথায় রাখতে হবে নির্বাচন কমিশনকে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কমিশনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে হবে। ভোট যাতে শান্তিপূর্ণ ও স্বচ্ছ হয়, নির্ভয়ে যাতে সকলে ভোট দিতে পারেন, তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভয়মুক্ত পরিবেশে ভোট করানোর জন্য কমিশনকে পদক্ষেপ করতে বলেছে হাইকোর্ট। এই নির্দেশের পরই মনোজ বলেছেন, ‘কোনও অভিযোগ না থাকা সত্ত্বেও কাউকে হয়রানি করা হলে তৃণমূল আমাদের জানাক, তাঁর নাম দিক। আমরা খতিয়ে দেখে পদক্ষেপ করব। পুলিশ আইন মেনে কাজ করছে। তার বাইরে গিয়ে পদক্ষেপ করলে ব্যবস্থা নেব।’ কমিশন সূত্রে জানা গিয়েছে, সারা রাজ্য জুড়ে এখনও পর্যন্ত প্রায় ৩,০০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ পর্যবেক্ষক সেই রিপোর্ট দিয়েছেন বলে জানিয়েছেন সিইও। 

     অন্যদিকে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগে অশান্তির আশঙ্কায় ছ’টি বিধানসভা আসনে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের নাদনঘাট এবং কেতুগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম ও ফলতায় অতিরিক্ত বাহিনী রাখছে নির্বাচন কমিশন। এই দফার ভোটে ৩০ শতাংশ অতিস্পর্শকাতর বুথ রয়েছে।  এই দফায় মোট ২৩৪৩ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। ঘটনাচক্রে, মঙ্গলবার ফলতার যুগ্ম বিডিও সৌরভ হাজরাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে পুরুলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে। তাঁর জায়গায় ফলতার নতুন যুগ্ম বিডিও করা হয়েছে রম্য ভট্টাচার্যকে।  
  • Link to this news (বর্তমান)