• উত্তর ২৪ পরগনায় মোট স্পর্শকাতর বুথ ৯০০, ভোটারের বড় অংশই মহিলা
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • এই সময়, বারাসত: আজ, বুধবার রাজ্যের শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচন হবে উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রেও। জেলার মোট ৩৫৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ভোটাররা। এর মধ্যে নির্দল প্রার্থী ১৪৩ জন। বিচারধীন থাকা ভোটারদের মধ্যে জেলায় মাত্র ১৩৩ জনের নাম যুক্ত হয়েছে তালিকায়।

    এ বারের নির্বাচনে জেলার বারাসত এবং বসিরহাট মহকুমায় মোট মহিলা ভোটারের সংখ্যা বেশ গুরুত্বপূর্ণ। বারাসত মহকুমায় মোট ভোটার ১৩ লক্ষ ৯৬ হাজার ৪৬৬। এর মধ্যে মহিলা ভোটার ৬ লক্ষ ৮১ হাজার ৫৭৬। বসিরহাট মহকুমায় মোট ভোটার ১৮ লক্ষ ৭৪ হাজার ৬৭৮। এর মধ্যে মহিলা ভোটার ৮ লক্ষ ৯৬ হাজার ৭২৮। অর্থাৎ দুই মহকুমাতেই মোট ভোটারের বড় অংশই মহিলা।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট ৯০০টি স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ১২৮২। জেলায় মোট ৮,৮৬৯টি বুথে ৩৫ হাজার ৪৭৬ জন ভোটকর্মী মোতায়েন করা হয়েছে। জেলায় মোট ৫১৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বারাসতে ১১৪ কোম্পানি, বসিরহাটে ১২৪ ও বনগাঁতে ৬৪ কোম্পানি মোতায়েন হয়েছে ভোটের আগের দিন থেকেই। সেই সঙ্গে মোট ১১ হাজার ৫৯ জন রাজ্য পুলিশ থাকছে ভোটের দায়িত্বে। জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া বলেন, ‘কমিশনের গাইডলাইন মেনে সমস্ত প্রক্রিয়া করা হচ্ছে।’

  • Link to this news (এই সময়)