রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। বুধবার দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে। কমিশনের তরফে শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের দলও। চালু রয়েছে কমিশনের হেল্পলাইন নম্বরও। কিন্তু, দ্বিতীয় দফার ভোটে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঝড়-বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। মেঘলা আকাশকে সঙ্গী করেই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। অন্য দিকে, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শহরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির জেরে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বুধবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমানের একাধিক বিধানসভা কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট থেকে জানা গিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে কমবেশি এমনই থাকবে আবহাওয়া। পাশাপাশি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদেও চলবে বৃষ্টি। আজ কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরবঙ্গেরও। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও। শনিবার পর্যন্ত এমনই থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হতে পারে। প্রবল বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলায়।
আজ সারাদিনই কলকাতায় মেঘলা আকাশ। সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। বাতাসে সর্বাধিক ৮৫ শতাংশ থেকে সর্বনিম্ন ৭০ শতাংশ জলীয়বাষ্প থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।