ভোট শুরুর আগেই রক্তাক্ত নদিয়ার চাপড়া। বুধবার ভোরে হাঁটরা বাজার এলাকার ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট মোশারফ হোসেনকে বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সৈকত সরকার। অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের স্থানীয় নেতৃত্ব।
সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট ২১৬ এবং ২১৭ নম্বর বুথ এলাকাতেও বিজেপির শিবির ভাঙচুরের অভিযোগ উঠেছে ভোট চলাকালীন। এ ছাড়াও শরৎকুমারী উচ্চ বিদ্যালয় ২০০, ২০১, ২০২ নম্বর বুথ এলাকায় বিজেপির ব্যানার খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই বুথে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী।
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ভোটগ্রহণ শুরু হওয়ার পর একাধিক জায়গায় ইভিএম বিকল হওয়ার অভিযোগ মিলেছে। ইভিএমে গোলযোগের অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙায় ৯৩ নম্বর বুথে। ভোর সাড়ে ৬টা নাগাদ মকপোলিংয়ের সময় বিষয়টি নজরে আসে বলে দাবি। নদিয়ার নাকাশিপাড়া বিধানসভার গাছা ঘোষপাড়া এলাকার ২২০ নম্বর বুথে ইভিএম খারাপ বলে অভিযোগ।