দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে চূড়ান্ত উত্তেজনা হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রে। বুধবার সকালে ভোট চলাকালীন বালি বিধানসভা কেন্দ্রের একটি বুথে EVM বিকল হয়ে যায়। স্তব্ধ হয়ে পড়ে ভোটগ্রহণ প্রক্রিয়া। চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেশিনে গোলমালের কারণে ভোটগ্রহণ ব্যাহত হয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
জানা গিয়েছে, বুধবার সকালে দ্বিতীয় দফার নির্বাচনে ভোটগ্রহণ চলছিল ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে। সেই সময়ে হঠাৎই বিকল হয়ে যায় একটি EVM। ভোটগ্রহণ স্তব্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন ভোটাররা। ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। গ্রেপ্তার করা হয় দুই বিক্ষোভকারীকেও।
ঘটনার পরে হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এলাকায় পৌঁছে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণের মধ্যেই EVM ঠিক করে ভোটগ্রহণ প্রক্রিয়াও শুরু হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ভোটগ্রহণও শুরু হয়েছে। ফের কোনও হিংসাত্মক ঘটনা যাতে না হয়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।