এ বারের বিধানসভা নির্বাচনে বিজেপি যেন ৫০টির বেশি আসন না পায়। ৫০-এর নীচে পদ্মশিবিরকে আটকে দিতে হবে বলে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক। তার পর সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সেনাপতি বলেন, ‘এই ভোটে বিজেপিকে ৫০-এর নীচে নামাতে হবে। নইলে কিছু আগে যেমন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা হতে হয়েছিল, সে রকম ঘটনা আবার ঘটবে। এটা ঘটতে দেওয়া যাবে না।’ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে গীতাপাঠের দিন প্যাটিস বিক্রেতাদের মারধরের অভিযোগ উঠেছিল বিজেপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রত্যাশিত ভাবেই সেই ঘটনা শোরগোল ফেলেছিল রাজ্য-রাজনীতিতে।
নাম না করে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন অভিষেক। বলেছেন, ‘আধাসেনাকে দিয়ে মহিলাদের উপর অত্যাচার চলছে। গরিব মানুষের উপর অত্যাচার চলছে। যারা ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করে বাংলা দখল করতে চায়, বাংলা তাদের ক্ষমা করবে না। আমার বিশ্বাস, আগামী ৪ তারিখ এরা এমন জবাব পাবে যে, আগামী ১০০ বছর বাংলার মানুষের সঙ্গে গদ্দারির সাহস হবে না এদের।’ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেকের সংযোজন, ‘মাথা উঁচু করে ভোট দিন। বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে। এক্তিয়ার বহির্ভূত কাজ করছে কমিশন। বাংলার মানুষকে অপমান করা হয়েছে। রোহিঙ্গা বলে অপমান করা হয়েছে।’