আজকাল ওয়েবডেস্ক: চলছে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। বুধবার ভোটেগ্রহণের শুরুতেই সমাজমাধ্যমে পোস্ট করলেন প্রধানমন্ত্রী। তুলে ধরলেন গণতন্ত্রের গুরুত্ব। জোর দিলেন, পশ্চিমবঙ্গের নারীশক্তি ও যুবশক্তির ভোটদানের উপর।
বাংলা এবং ইংরেজি, দু’ভাষাতেই সকাল সকাল পোস্ট করেন নরেন্দ্র মোদি। তিন লেখেন, 'আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২০২৬-এর দ্বিতীয় দফা। আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি—আপনারা রেকর্ড সংখ্যায় ভোট দিন এবং আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলুন। বিশেষ করে, পশ্চিমবঙ্গের নারী ও যুবসমাজ যেন বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন এবং তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন—এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
প্রধানমন্ত্রীর বার্তা, 'আজ যাঁরা ভোট দিচ্ছেন, আমি তাঁদের সকলকে আহ্বান জানাচ্ছি—আপনারা রেকর্ড সংখ্যায় ভোট প্রদান করুন এবং আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করে তুলুন। বিশেষত, পশ্চিমবঙ্গের নারীশক্তি ও যুবশক্তি যেন বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন—এটি অত্যন্ত জরুরি'
প্রধানমন্ত্রীর এই বার্তা মূলত ভোটারদের বুথমুখী করার একটি বড় প্রয়াস বলেই মনে করা হচ্ছে।
এবারের নির্বাচনে বাংলার মহিলা ভোটার এবং প্রথমবার ভোট দিচ্ছেন এমন তরুণ-তরুণীরা বড় ফ্যাক্টর। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কর্মসংস্থান, নানা ইস্যুতে এই দুই গোষ্ঠীই এখন সব দলের পাখির চোখ। প্রধানমন্ত্রীর এই আহ্বান সেই আবেগকেই ছুঁতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রথম দফায় ১৫২টি আসনের নির্বাচনে ব্যাপক ভোটদানের হারের পর দ্বিতীয় দফাতেও সেই ধারা অব্যাহত থাকবে কি না, তা নিয়ে চর্চা তুঙ্গে। দ্বিতীয় দফার ভোটের আবহে প্রধানমন্ত্রীর এই পোস্ট বিজেপি কর্মীদের যেমন চাঙ্গা করবে, তেমনই সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার প্রবণতা বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।