• ‘সিংঘম’ আইপিএসের ভুয়ো ভিডিও পোস্ট! মহুয়া মৈত্রর বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • ভুয়ো ভিডিও শেয়ার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে দিল্লির মন্দির মার্গ সাইবার থানায় দায়ের হল লিখিত অভিযোগ। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, আইপিএস আধিকারিক অজয় পাল শর্মার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন সাংসদ।

    অভিযোগকারীর বক্তব্য, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করা হয়ে থাকতে পারে। এর উদ্দেশ্য ছিল মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা এবং নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করা। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, এই ধরনের প্রচার শুধু সংশ্লিষ্ট আধিকারিকের সম্মানহানিই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, ভিডিওর উৎস চিহ্নিত করা, প্রস্তুতকারীদের খুঁজে বের করা এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সমাজমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সরানোরও দাবি তোলা হয়েছে। চিঠিতে মহুয়া মৈত্রের সমাজমাধ্যমের একটি পোস্টের লিঙ্কও উল্লেখ করা হয়েছে।

    যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। মহুয়া নিজেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। নির্বাচনের মুখে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়ো ছবি বা ভিডিও ছড়ানো নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় নতুন করে সেই আশঙ্কাই সামনে এল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার।
  • Link to this news (প্রতিদিন)