দ্বিতীয় দফার ভোটের সকালেই বুথের বাইরে দীর্ঘ লাইন ভোটারদের। তারই মধ্যে সকালে বৃষ্টি দেখা গেল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার একাধিক জায়গায় বৃষ্টি দেখা যায়। কোথাও বৃষ্টি ভিজেই ভোটের লাইনে অপেক্ষা করলেন ভোটাররা। কোথাও আবার ছাতা মাথায় দিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। বঙ্গে ভোটের উত্তাপ ক্রমে বাড়ছে। একাধিক কেন্দ্রে হাই ভোল্টেজ প্রার্থীদের লড়াই হচ্ছে। তবে তার মধ্যেই দক্ষিণবঙ্গের এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিয়েছে বলে মত। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল।
এদিন সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। বহু জায়গায় ইভিএম বিভ্রাট দেখা যায়। ফলে ভোটগ্রহণ প্রক্রিয়াও বহু জায়গায় দেরিয়ে শুরু হয়। এদিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মেঘ ভার। সকালের দিকে হালকা রোদ থাকলেও পরে মেঘ ছেয়ে যায় কলকাতা-সহ আশেপাশে। সকাল ন’টার পর থেকেই মহানগর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়ার একাধিক জায়গায় বৃষ্টি হতে দেখা যায়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রবল আশঙ্কা। কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের দু-এক জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কার কথাও শুনিয়েছিলেন আবহবিদরা।
হাওয়া অফিস জানিয়েছে, আজ বুধবার তীব্র ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টি কালবৈশাখীর সতর্কতা কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা। গতকাল, মঙ্গলবার রাত থেকেই তাপমাত্রা কিছুটা কমতে শুরু করে। এদিন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।