• সম্মুখসমরে মমতা-শুভেন্দু! দ্বিতীয় দফার ‘ভরকেন্দ্র’ ভবানীপুরে মেগা শো-ডাউন
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • দ্বিতীয় দফার ভোটে সম্মুখসমরে মমতা বন্দ্য়োপাধ্যায় ও শুভেন্দু অধিকারী! বুধবার সকালেই বাড়ি থেকে বেরিয়ে বুথে বুথে ঘুরছেন তৃণমূল সুপ্রিমো। দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন ভবানীপুরের চক্রবেড়িয়ার বুথে। পৌনে দশটা নাগাদ আচমকা সেখানেই উপস্থিত হলেন প্রতিদ্বন্দ্বী শুভেন্দু। দু’জনের দূরত্ব ছিল মাত্র ৫০ মিটার। বুথ থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাণ্ডবের অভিযোগের পালটা দিলেন শুভেন্দু। বললেন, “এটা হতাশার বহিঃপ্রকাশ।”

    বুধবার সকালেই দেখা গিয়েছে বেনজির ছবি। সাধারণত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসনে ভোটের দিন সকালে বাড়িতেই থাকেন। চারটে নাগাদ বেরিয়ে ভোট দিয়ে ফের ঘরে ফিরে যান। কিন্তু এবার সকাল সকাল বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বুথে যান। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে তাঁর বক্তব্য, ভোটের আগের রাতে বাহিনী তাণ্ডব চালিয়েছে, সারারাত তিনি এবং অভিষেক খোঁজখবর নিয়েছেন। সেই কারণেই সকালে তাঁর বেরিয়ে পড়া বলে জানান। চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেখা করেন মেয়রের সামনে। ভোটের আগে মাঝরাতে ফিরহাদের বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে বলে মঙ্গলবার ফিরহাদ যে অভিযোগ তুলেছিলেন, সে সম্পর্কে জানতে চান মমতা। এরপর চলে যান ৮২ নং বুথে। চক্রবেড়িয়ার ওই বুথে দীর্ঘক্ষণ ধরে বসে রয়েছেন তিনি। মমতা থাকাকালীনই আচমকা সেখানে পৌঁছন শুভেন্দু। সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় এলাকায়।

    সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। বলেন, “২৬৭ টি বুথে এজেন্ট রয়েছে। কমিশনের নিয়ম মেনে ৯৭ টি ক্যাম্প অফিস করা হয়েছে। নির্বাচন কমিশন বাংলার ভোটের পরিবেশ বদলে দিয়েছে। সকাল থেকে একাধিক বুথে ঘুরলাম।ভোটারদের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখছি। সকলে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিচ্ছেন। মমতা বন্দ্য়োপাধ্যায় সকালে বেরিয়েই অভিযোগ করেছিলেন রাতভর তাণ্ডব করেছে কেন্দ্রীয় বাহিনী। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু। তাঁর কথায়, “এটা হতাশার বহিঃপ্রকাশ।”
  • Link to this news (প্রতিদিন)