নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: হাতি পারাপারের জন্য ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকায় আন্ডারপাস নির্মাণ করছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই)। এর জন্য বরাদ্দ হয়েছিল ৫০ কোটি টাকা। বুধবার ভোররাতে ভেঙে পড়ল নির্মাণাধীন ওই আন্ডারপাসে একাংশ।
ঝাড়গ্রামের গুপ্তমণি এলাকার উপর দিয়ে চলে গিয়েছে খড়গপুর চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়ক। এটি হাতির করিডোর হিসেবে চিহ্নিত। হাতি-মানুষের সংঘাত মেটাতে সেখানে আন্ডারপাস তৈরির জন্য এনএইচএআই-এর কাছে প্রস্তাব দিয়েছিল বনদপ্তর। এটি তৈরি হয়ে গেলে হাতির চলাচলে সুবিধা হবে। গত বছর এপ্রিলে ৪৯ নম্বর জাতীয় সড়কে আন্ডারপাস তৈরির কাজ শুরু হয়। এটি সাত মিটার উঁচু ও একশো মিটার দীর্ঘ। আজ ভোরে আন্ডারপাসের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন এনএইচএআই আধিকারিকরা। কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।