• ইভিএম খারাপ, ক্ষুব্ধ ভোটাররা, চলল কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
    বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
  • কলকাতা, ২৯ এপ্রিল: বুধবার সকাল থেকেই শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এরই মাঝে সাতসকালেই উত্তপ্ত হয়ে উঠল বালি বিধানসভা কেন্দ্রের ডন বসকো লিলুয়া সোহনলাল  বিদ্যালয় চত্বর। অভিযোগ, ইভিএম খারাপ থাকায় দীর্ঘক্ষণ এখানে ভোট গ্রহণ বন্ধ ছিল। যার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। ক্ষোভ উগড়ে দেন তাঁরা। 

    তার পরেই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে অতিতত্পরতার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে শুরু হয় লাঠিচার্জ। তাতে যখম হন বেশ কয়েকজন ভোটার। একজনকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। তাঁকে রীতিমত চ্যাংদোলা করে নিয়ে যেতে দেখা যায় কর্তব্যরত পুলিশ কর্মীদের।  শুধু একটি নয়, ১৫২, ১৫৩-এ, ১৫৪ নম্বর বুথেও গন্ডগোলের সৃষ্টি হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত দু'জনকে আটক করেছে পুলিশ। তাঁদের স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। 

    আজ, বুধবার বঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকেই ভোটারদের ভিড় দেখা বিভিন্ন বুথে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দু’ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত মোটের উপরে ভোটগ্রহণ নির্বিঘ্নে। তবে প্রথম দফার মতো এবারও বিভিন্ন স্থান থেকে ইভিএম বিগড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)