বাংলার সবথেকে হাই-প্রোফাইল আসন—ভবানীপুর। যেখানে প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা। ভোট কেমন চলছে, সকাল থেকে ঘুরে ঘুরে দেখছেন মমতা। আজ, সারাদিন বুথে বুথে ঘুরবেন। এমনই জানিয়েছেন জানিয়েছেন তৃণমূলনেত্রী। এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছেন মমতা। তিনি বলেন, ‘বাইরে থেকে কিছু অবজারভারকে আনা হয়েছে। তাঁরা বিজেপির নির্দেশে কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘ওরা আমাদের পোস্টার-ব্যানার ছিঁড়ে দিচ্ছে। গতকাল ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী হামলা চালিয়েছে। কাউন্সিলরকে বুথ করতে দেওয়া হচ্ছে না। আমাদের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ভোট দেবেন। কিন্তু এভাবে কি ভোট দেওয়া যায়?’
গত সোমবার রাত পৌনে একটা নাগাদ চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি বয়ে এসে রীতিমতো ‘থ্রেট’ করে গিয়েছে প্রায় ৩০-৪০ জনের কেন্দ্রীয় বাহিনীর দল। এদিন সকালে মমতা প্রথমে যান চেতলায়। কথা বললেন ফিরহাদ হাকিমের সঙ্গে। পরে তিনি বলেন, ‘ববির স্ত্রী ছিল। মাঝরাতে গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত!’
এর পরে মমতা যান চক্রবেড়িয়ায়। বলেন, ‘এভাবে ভোট হয় নাকি? বাহিনীকে দিয়ে আমাদের লোকজনকে হুমকি দেওয়া হচ্ছে।’ চক্রবেড়িয়া কলকাতা পুরসভার ৭০ নম্বর ওরার্ডের অন্তর্গত। এখানে তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়া, কর্মীদের ‘হুমকি’ দেওয়ার অভিযোগ উঠেছে। কাঠগড়ায় নির্বাচন কমিশন।