• ‘গতবার তিন জন একসঙ্গে এসেছিলাম’, ভোট দিয়ে বেরিয়ে বললেন পানিহাটির বিজেপি প্রার্থী
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • ভোট দিলেন পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা। বুধবার সকালে নাটাগড় সংঘে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘গতবার তিন জন একসঙ্গে ভোট দিয়েছিলাম। এ বার তো আর মেয়ে নেই!’

    নির্যাতিতার মা জানান, মেয়ের উপর হওয়া নৃশংস অত্যাচারের বিচার ছিনিয়ে আনতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাদের প্রার্থী হয়েছেন। আরজি কর কাণ্ডের শিকড় কতটা গভীরে, তার হদিশ পেতেই তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বিজেপি প্রার্থী বলেন, ‘আগামী ৪ মে আমরা জবাব পাব। এই লড়াইয়ে মানুষ কতটা আমাদের পাশে রয়েছেন, তা বুঝিয়ে দেব।’

    বিজেপি প্রার্থীর অভিযোগ, ভোট দিতে গিয়ে তাঁর মনে হয়েছিল, ইভিএমে কিছু সমস্যা রয়েছে। বোতাম টেপার পরে অনেক দেরিতে শব্দ হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। তিনি জানান, এই বিষয়টি তিনি ভোটকর্মীদের জানিয়েওছেন। একই সঙ্গে তিনি বলেন, তিনি চান, ভোট অবাধ এবং শান্তিপূর্ণ ভাবেই হোক। ভোটকে কেন্দ্র করে যেন কোথাও কোনও হানাহানির ঘটনা না ঘটে। পরে ৩২ নম্বর ওয়ার্ডে ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে স্থানীয় কাউন্সিলার লোকজন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বলে খবর পেয়ে সেখানেও পৌঁছে যান নির্যাতিতার মা। পরে কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের পুরপ্রতিনিধির জমায়েত সরিয়ে দেয়।

    অন্য দিকে, বুধবার সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। কথা বলছেন পথচলতি ভোটারদের সঙ্গেও। পানিহাটির বিভিন্ন বুথে ভালোই ভিড় রয়েছে।

  • Link to this news (এই সময়)