বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়ায় নির্দল প্রার্থীর সঙ্গে হাতাহাতিতে জড়ালেন তৃণমূলের কাউন্সিলার। তাঁর সঙ্গে বচসা হয় বিজেপি-র প্রার্থীরও। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট চলছে। ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। কাঁচরাপাড়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ১৩৪ নম্বর বুথ এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে ঘোরাঘুরি করছিলেন স্থানীয় কাউন্সিলার কল্যাণ কর। তা নিয়েই আপত্তি তোলেন বিরোধী দলের প্রার্থীরা। এ নিয়ে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের সঙ্গে কল্যাণের বচসাও বাধে। তাতেই জড়িয়ে পড়েন নির্দল প্রার্থী। স্থানীয় সূত্রে দাবি, বচসার মধ্যেই কল্যাণের সঙ্গে হাতাহাতিতে জড়ান তিনি।
উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার ২৪ নম্বর বুথের দাঁদপুর পঞ্চায়েতের কামিগাছি গ্রামে। অভিযোগ, এলাকা অশান্ত করতে তৃণমূলের লোকজন গ্রামে ঢোকেন। আইএসএফের কর্মী-সমর্থকেরা তাঁদের তাড়া করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের লোকজন এলাকা ছাড়েন বলে দাবি আইএসএফের। কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আইএসএফ কর্মীরা। তাঁদের বক্তব্য, ঘটনাস্থলে কোনও জওয়ানকে দেখা যায়নি। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, আইএসএফ অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।