• ISF এজেন্ট সেজে বুথে তৃণমূল কর্মী, সরাতে গিয়ে হাতাহাতি দু’পক্ষের, চাঞ্চল্য খানাকুলে
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় উত্তেজনা ছড়াল হুগলির খানাকুলে। ISF-এর ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠল খানাকুলের রাজাহাটি-১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরের ১৪৭ নম্বর বুথে। এই ঘটনাকে কেন্দ্র করে ISF-তৃণমূলের হাতাহাতি হয়েছে বলেও খবর মিলেছে। ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে খানাকুলের রামচন্দ্রপুর এলাকার ১৪৭ নম্বর বুথে ISF-এর ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ISF অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টের ফর্ম নকল করে তৃণমূল তাদের এজেন্ট বসিয়েছে ওই বুথে। এমনকী রাতে ISF-এর এজেন্টকে ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ।

    এই ঘটনার কথা জানতে পেরে বুধবার সকালেই বুথে গিয়ে ওই ‘ভুয়ো’ এজেন্টকে বের করে দেন ISF কর্মীরা। এরপরেই দু’দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বচসা গড়ায় হাতাহাতিতে। এরপরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

    এ বিষয়ে খানাকুলের ISF প্রার্থী শেখ সাদ্দাম হোসেন বলেন, ‘খানাকুলের পাঁচটি বুথ থেকে ISF কর্মীদের ফর্ম কেড়ে নিয়ে এসেছে তৃণমূল। সেই ফর্ম দিয়েই ভুয়ো ISF কর্মী সেজে বুথে ঢুকেছিল তৃণমূলের কর্মীরা। খবর পেয়ে আমরা এসে ওই তৃণমূল কর্মীদের সরিয়ে দিয়েছি।’

    এ বিষয়ে তৃণমূল প্রার্থী পলাশ রায় বলেন, ‘খানাকুলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এমন কোনও ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’

  • Link to this news (এই সময়)