Big Breaking: দ্বিতীয় দফার নির্বাচনে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ফলতায়। এই বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোটারদের লাঠিচার্জ করার অভিযোগ। মহিলাদের উপরেও লাঠিচার্জ করার অভিযোগ। ফলতা-২ গ্রাম পঞ্চায়েতের বেলসিংহা গ্রামের বেলসিংহা অবৈতনিক প্রাথমিক বিদ্যায়লের বুথে উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের তরফে এই অভিযোগ তোলা হয়েছে।
ফলতার ওই কেন্দ্র থেকে যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যায়, ওই বুথের সামনে কয়েকজন গ্রামবাসী জড়ো হয়েছেন। সেই জমায়েত সরাতে গিয়ে লাঠি উঁচিয়ে তেড়ে যান জওয়ানরা। পালতে গিয়ে কয়েকজন মহিলা রাস্তায় পড়ে যান। তবে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, মহিলা ভোটারদের উপরে লাঠিচার্জ করা হয়েছে।
তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ফলতার বেলসিংহা গ্রামে সাধারণ ভোটার বিশেষত মহিলাদের উপরে নৃশংস ভাবে লাঠিচার্জ করছেন। নিরাপত্তা দেওয়ার নামে তাঁরা সাধারণ মানুষকে লাঠিপেটা করতে ছাড়ছেন না। কেন্দ্রীয় বাহিনী যে ভাবে লাঠিচার্জ করেছে, আমরা তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’
উল্লেখ্য, ফলতা বিধানসভা কেন্দ্র গত কয়েকদিনে আলোচনার শীর্ষে উঠেছে। এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির শেখের বাড়ি ও কার্যালয়ে গিয়ে অশান্তি না করার আবেদন করেন পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। তৃণমূলের অভিযোগ ছিল, ‘টার্গেট’ করে ওই এলাকার তৃণমূল প্রার্থী, তাঁর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি দিয়েছেন ওই পুলিশ আধিকারিক। পর্যবেক্ষক হিসেবে কমিশনের নীতি বিরোধী কাজ করেছেন তিনি। ইতিমধ্যে পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মাকে অপসারণের দাবিতে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।