ভবানীপুরে একাধিক ওয়ার্ডে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানান, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য পুলিশ যেটা মনে করেছে, সেটাই করেছে।
এ দিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে একাধিক বুথ পরিদর্শনের পরে মমতা অভিযোগ করেন, ‘ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের (অসীম বসু) বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী অত্যাচার চালিয়েছে। মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। সেই সময়ে কাউন্সিলার বাড়িতে ছিলেন না।’ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ভোটারদের প্রভাবিত করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
যদিও CEO মনোজকুমার আগরওয়াল বলেন, ‘পুলিশ কী করছে সেটা আমরা বলতে পারব না। পুলিশের কাজ পরিস্থিতি খতিয়ে দেখা, অশান্তি রুখতে কোথায় যেতে হবে সেটা পুলিশ জানে। পুলিশের কাছে নিশ্চয়ই কোনও ইনপুট ছিল। সেই কারণেই ওরা গিয়েছে। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার দায়িত্ব রয়েছে পুলিশের।’
অন্য দিকে, একাধিক বিধানসভায় বেশ কিছু বুথে ইভিএম দীর্ঘক্ষণ বিকল থাকার অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে মনোজ জানান, কিছু কিছু জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ এসেছে। যত দ্রুত সম্ভব সেই সব বুথে ইভিএম পরিবর্তনের ব্যবস্থা করা হচ্ছে।