ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা কাটাকাটি সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের। বুধবার রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বিদ্যাভূষণ বিদ্যাপীঠের ১৪৩ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন লাভলি। সেখানেই ঘটে এই ঘটনা।
এ দিন ওই ভোটকেন্দ্রের সামনে লম্বা লাইন ছিল। সেই লাইন পেরিয়েই এগিয়ে আসেন প্রার্থী। একেবারে গেটের সামনে এক জওয়ান তাঁর কাছে পরিচয় জানতে চাইলে লাভলি তাঁর কার্ড দেখান। গলায় ঝোলানো ছিল প্রার্থী সংক্রান্ত পরিচয়পত্র। পাশাপাশি হাতে ছিল ভোটার কার্ড। দুই-ই দেখান লাভলি। এর পরে ভিতরে ঢুকে যান তিনি।
এ দিকে সেখানেও ওই জওয়ান আবার লাভলির কাছে আইকার্ড দেখতে চান। সেই সময়ে লাভলি বলেন, ‘বাইরেই তো কার্ড দেখালাম।’ এর পরেই হালকা কথা কাটাকাটি হয়। কেন্দ্রীয় বাহিনীর ওই জওয়ান আঙুল তুলে লাভলিকে বলেন, ‘এখানে তর্ক চলবে না।’ পাল্টা লাভলি বলেন, ‘আপনি কী বলছেন? তর্ক কে করছে?’
পরে ভোট দিয়ে বেরিয়ে এসে লাভলি মৈত্র বলেন, ‘বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে। তাতে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে কাদের নির্দেশে করছে। কিন্তু তাতে লাভ নেই। দ্বিতীয় দফায় বিজেপির দফারফা হয়ে গিয়েছে। যে ভাবে মানুষ বেরিয়ে এসে ভোট দিচ্ছে, তাতে দ্বিতীয় দফার পরে বিজেপির আর জায়গা থাকবে না বাংলায়। তাই কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, সারা দেশের পুলিশ নিয়ে আসলেও এখানে লাভ হবে না।’
লাভলি জানান, এই প্রথমবার নিজেকেই নিজে ভোট দিলেন তিনি। তাঁর এলাকায় ভোট ভালো ভাবেই হচ্ছে বলে জানান তিনি।