• কর্তব্যে গাফিলতি! ভোট চলাকালীন জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সরাল কমিশন
    প্রতিদিন | ২৯ এপ্রিল ২০২৬
  • ভোট চলাকালীনই জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। কর্তব্যে গাফিলতির অভিযোগে অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে।

    ভোটের আগে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জগদ্দল-সহ একাধিক এলাকা। কখনও বিজেপি-তৃণমূল সংঘাতের অভিযোগ, আবার কখনও বোমাবাজির ঘটনাও ঘটেছে। বোমার আঘাতে গুরুতর আহত হন এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও। ঘটনায় কড়া অবস্থান নেয় নির্বাচন কমিশন। ভোটের আগে সমস্ত অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে বলেও নির্দেশ দেয়। এরপরেও এদিন অর্থাৎ ভোট দ্বিতীয়ার সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে জগদ্দল-সহ বিস্তীর্ণ এলাকায়। এরপরেই জগদ্দলের অতিরিক্ত পুলিশ কমিশনার বিশ্বজিৎ পাত্রকে সাসপেন্ড করল কমিশন। যদিও এখনও পর্যন্ত কমিশনের তরফে সরকারিভাবে কিছু জানায়নি।

    বলে রাখা প্রয়োজন, শান্তিপূর্ণ ভোট করাতে দ্বিতীয়দফায় দু’হাজারেও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। শুধুমাত্র বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ১৬০ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী মোতায়েন করা হয়। শুধু তাই নয়, অশান্তি রুখতে জগদ্দল, ভাটপাড়া, নোয়াপাড়ায় স্পেশাল ফোর্স পাঠায় কমিশন।  
  • Link to this news (প্রতিদিন)