বুধবার (২৯ এপ্রিল), বাংলা যখন ব্যস্ত দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ নিয়ে, সেই সময়ে এক বড় মাপের আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুলিশের দাবি, ড্রোন মারফত পাকিস্তান থেকে অস্ত্র আসত এই চক্রের সদস্যদের কাছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে যুক্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ২৩টি অত্যাধুনিক অস্ত্র। এই ঘটনায় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে ফের বড় আশঙ্কা তৈরি হলো।
তদন্তকারীদের বয়ান অনুযায়ী, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে তুরস্কে তৈরি জিগানা (Zigana), অস্ট্রিয়ায় তৈরি গ্লক (Glock) এবং পিএক্স (PX) পিস্তল। দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, বিদেশি অস্ত্রের পাশাপাশি বিহারের মুঙ্গেরে তৈরি দেশি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে। এই বিশাল অস্ত্র সম্ভার পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে সীমান্ত পার করে ভারতে আনা হয়েছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই চক্রের পিছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কুখ্যাত গ্যাংস্টার এবং অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। অভিযুক্তরা সরাসরি সীমান্তের ও পারে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখত বলে পুলিশের দাবি। ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড্রোন প্রযুক্তি ব্যবহার করে নাশকতা ছড়ানোর এই প্রবণতা বর্তমানে নিরাপত্তা বাহিনীর কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।