• ভোট চলছে, হঠাৎই খড়দহে তৃণমূল নেতার বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী...
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • ভোট চলাকালীনই খড়দহে তৃণমূলের ব্লক সভাপতির বাড়ি ঘিরে ফেলার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুধবার সকালে তৃণমূলের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহার বাড়িতে জওয়ানরা আসেন, সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশও। সূত্রের খবর, কমিশনের তালিকায় ‘ট্রাবল মঙ্গার’ বা ‘ঝামেলাবাজ’ হিসেবে নাম রয়েছে প্রসেনজিতের। এ দিন সে কারণেই কেন্দ্রীয় বাহিনী এসেছে কি না তা অবশ্য জানা যায়নি।

    প্রসেনজিতের পরিবারের অভিযোগ, বাড়ির গেট খুলে ভিতরে ঢুকে কড়া ভাষায় কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনায় আতঙ্কিত পরিবার। তাঁদের অভিযোগ, বাড়িতে মহিলারা আছেন, বাচ্চারা আছে। ভোটের সকালে এ ভাবে এত গাড়ি নিয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী আসায় ঘাবড়ে যায় সকলেই।

    কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থীও। প্রার্থী দেবদীপ পুরোহিত বলেন, ‘আমাদের ব্লক প্রেসিডেন্ট প্রসেনজিৎ সাহার বাড়ি ৪০-৫০ জন CRPF ঘিরে ফেলেছিল। তাঁর বৃদ্ধা মা, স্ত্রীর সঙ্গে খারাপ ভাবে কথা বলেছে। ঘরে ওর দু’টো বাচ্চা।’ ভোটের সকালে এই ঘটনায় সরগরম হয়ে ওঠে এলাকা। যদিও এ নিয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

  • Link to this news (এই সময়)