• বুথের বাইরে সিপিএম কর্মীকে মারধর, তৃণমূলকে কাঠগড়ায় তুললেন বামপ্রার্থী দীপ্সিতা
    এই সময় | ২৯ এপ্রিল ২০২৬
  • ভোট আপাত শান্তিপূর্ণ হলেও বিচ্ছিন্ন হিংসার অভিযোগ উঠল উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে। সেই অভিযোগ তুললেন খোদ বাম প্রার্থী। ওই বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের অভিযোগ, তাঁদের এক কর্মীকে মারধর করেছেন ওই এলাকার স্থানীয় কাউন্সিলারের ঘনিষ্ঠরা।

    উত্তর দমদমে ভোট চলাকালীন আলিপুর খেলার মাঠ সংলগ্ন একটি বুথের বাইরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ দীপ্সিতার। ওই এলাকাটি উত্তর দমদমের ৩১ নম্বর ওয়ার্ডের অধীনে পড়ে। ওই ওয়ার্ডের কাউন্সিলার তৃণমূলের সুজয় দাস। সিপিএম প্রার্থীর অভিযোগ, ২৮২ নম্বর বুথের ১০০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা ওই কর্মীকে স্থানীয় কাউন্সিলারের সঙ্গীরা একা পেয়ে আক্রমণ করেন। ওই ঘটনার পরে সিপিএম প্রার্থী পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, ‘২৮২ নম্বর বুথের বাইরে আমাদের এক রিলিভারকে স্থানীয় কাউন্সিলার ও তাঁর সঙ্গীরা মারধর করেছে।’

    তাঁর আরও অভিযোগ, বুথ থেকে কাছেই একটি দোকানে তৃণমূল কর্মী-সমর্থকেরা জমায়েত করে রয়েছেন। সেই বিষয়টি পুলিশকে জানিয়ে পদক্ষেপ করতেও বলেন তিনি। যদিও দীপ্সিতা ধর জানিয়েছেন, উত্তর দমদম বিধানসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ রয়েছে। সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছেন। যদিও মারধরের অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকেল পর্যন্ত তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)