বিকেল পাঁচটায় ৯০ শতাংশ ছুঁই ছুঁই ভোটদান, ‘ভয়হীন নির্বাচন হচ্ছে বাংলায়’, মন্তব্য মোদির
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
কলকাতা, ২৯ এপ্রিল: আজ, বুধবার বঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ। সকাল ৭টা থেকেই ভোটারদের ভিড় দেখা যায় বিভিন্ন বুথে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দু’ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। দুপুর ১টায় পর্যন্ত ভোটদানের হার বেড়ে দাঁড়িয়েছিল ৬১.১১ শতাংশ। আর পাঁচটা পর্যন্ত ভোটের হার গিয়ে দাড়াল ৮৯.৯৯ শতাংশে। পশ্চিমবঙ্গে মানুষ ভয়হীন পরিবেশে ভোট দিচ্ছে। এমন ঘটনা আগে কখনো হয়নি। উত্তরপ্রদেশের হরদোইয়ে একটি জনসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া গেলেও এখনও পর্যন্ত মোটের উপরে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে। তবে প্রথম দফার মতো এবারও বিভিন্ন স্থান থেকে ইভিএম বিগড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। যার জেরে সাময়িকভাবে বন্ধ থাকে ভোটগ্রহণ। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ভোট দিতে না পেরে কোথাও কোথাও ক্ষোভ উগরে দিয়েছেন ভোটারদের একাংশ।
আজ ভোট হচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায়। সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে ইভিএম খারাপ হওয়ার অভিযোগ আসতে থাকে। উত্তর ২৪ পরগনা জেলায় বারাসত মহকুমায় অন্তত আটটি বুথে ইভিএম খারাপ হয়ে যায়। যার ফলে দেরিতে শুরু হয় ভোটগ্রহণ। এছাড়া দক্ষিণ হাওড়ার একটি, সাঁকরাইলের ১৩টি, ডোমজুড়ের ১৭টি এবং জগৎবল্লভপুরের ছ’টি বুথে ইভিএম বিগড়ে যায়। নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে ভাঙড়ে। সেখানকার তিন বুথে ইভিএম খারাপের অভিযোগ। এদিকে, ডোমজুড় বিধানসভার বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের দু’টি বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এনিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।
ভোটের সকালে উত্তপ্ত হয়ে ওঠে বালি বিধানসভা কেন্দ্রে সোহনলাল বিদ্যালয়। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে। ক্ষোভ উগড়ে দেন তাঁরা। অতিতত্পরতার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ভোটারদের উপরে লাঠিচার্জের উঠেছে তাঁদের বিরুদ্ধে। তাতে জখম হন বেশ কয়েকজন। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রথম দফার মতো দ্বিতীয় দফাতে ইভিএম খারাপের মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখছে না কমিশন। তাদের বক্তব্য, ইভিএমগুলি তাপমাত্রা সংবেদনশীল। কোনো বুথ থেকে ইভিএম খারাপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি পরিবর্তন করে দেওয়া হচ্ছে।