প্রথম ছয় ঘণ্টার ভোটদানে কলকাতাকে টেক্কা জেলার, জানুন সর্বশেষ আপডেট
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম দফায় রেকর্ড ভোটের সাক্ষী থেকেছে বাংলা। এবার কি দ্বিতীয় দফায় সেই অঙ্কও ছাপিয়ে যাবে? প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের তথ্যে। বুধবার দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬১.১১ শতাংশ। ভোটের হারে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা।
গত ২৩ তারিখ প্রথম দফায় গড়ে ভোট পড়েছিল ৯৩.১৯ শতাংশ। এর মধ্যে ৬২.১৮ শতাংশ ভোট পড়েছিল দুপুর ১টা পর্যন্ত। তারই প্রায় কাছাকাছি ভোট পড়ল আজ দ্বিতীয় দফার প্রথম ছ’ঘণ্টায়। এদিন সকালে আকাশের মুখ ছিল ভার। বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। কিন্তু তা ভোটারদের উৎসাহকে ফিকে করতে পারেনি। বহু বুথের বাইরে ছাতা মাথায় লম্বা লাইন দেখা যায়। কোথাও কোথাও অতি মন্থর ভোটগ্রহণের অভিযোগ উঠলেও লাইনে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছে সাধারণ মানুষ। যেন বুঝিয়ে দিচ্ছেন, ‘বাংলার উপরে হামলা’র জবাব ইভিএমে দেওয়ার সংকল্প নিয়ে এসেছেন তাঁরা।
ভোট গ্রহণের প্রথম ছয় ঘণ্টায় সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। যেখানে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৬৬.৮ শতাংশ। আর সবচেয়ে কমের তালিকায় এক নম্বরে কলকাতা দক্ষিণ। এখানে ভোট পেড়েছে ৫৭.৭৩ শতাংশ। কলকাতা উত্তরে পড়েছে ৬০.১৮ শতাংশ, হাওড়ায় ৬০.৬৮ শতাংশ। হুগলিতে ভোট পড়ল ৬৪.৫৭ শতাংশ, নদিয়ায় ৬১.৪১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৫৯.২০ শতাংশ, এবং দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়ল ৫৮.৫৮ শতাংশ। ১৪২টি আসনের মধ্যে ভোটের হার সর্বোচ্চ পূর্ব বর্ধমানের গলসিতে। সেখানে ভোট পড়েছে ৭০.৪৮ শতাংশ।