কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তায় প্রাণ গেল বৃদ্ধের, অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়
বর্তমান | ২৯ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, উলুবেড়িয়া: উদয়নারায়ণপুর বিধানসভার বলরামপুরে ২৪৫ নং বুথে ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিগ্রহে বয়স্ক ভোটারের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ব্যক্তির নাম পূর্ণচন্দ্র দোলুই (৮০)। বাড়ি কুরীট গ্রামে। বুধবার মৃতের ছেলে তরনী দোলুই অসুস্থ বাবা পূর্ণচন্দ্র দোলুইকে নিয়ে ভোটগ্রহণ কেন্দ্রে আসেন। অভিযোগ, অসুস্থ বাবাকে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে বাধা দেয়। অসুস্থ বৃদ্ধকে একা ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে বলে জওয়ানরা। বিষয়টি নিয়ে তরনীর সঙ্গে জওয়ানদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা চরমে পৌঁছায়। সেই সময় জওয়ানরা বাবা ও ছেলেকে সজোরে ধাক্কা মারলে দু’জনে মাটিতে পড়ে যান। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন বৃদ্ধ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
দ্বিতীয় দফার ভোট শুরু হতেই বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক সাধারণ ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর হেনস্তার ঘটনা উঠে এসেছে। লাঠিচার্জ, এমনকি মহিলাদের হুমকি দেওয়ারও অভিযোগ এসেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।