সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল, না কি বিজেপি-র বাজিমাত? খাতা খুলতে পারবে বামেরা? জবাব দিল News18 বাংলার বুথ ফেরত সমীক্ষা
News18 বাংলা | ২৯ এপ্রিল ২০২৬
রাজ্যে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ News18 বাংলার বুথ ফেরত সমীক্ষায় এরকমই ইঙ্গিত দেওয়া হয়েছে৷
বাংলায় সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১৪৮৷ News18 বাংলার বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল পেতে পারে ১৬৬টি আসন৷ বিজেপি পেতে পারে ৭১টি আসন৷ কংগ্রেসের ঝুলিতে ৪টি আসনে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে৷ বামেদের ঝুলিতে আসতে পারে ১টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷
তবে এই বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, ৪৯টি আসন এমন রয়েছে, যেগুলিতে বিজেপি, তৃণমূলের জেতার সম্ভাবনা ৫০-৫০৷ এমন কি, এই ৪৯টি আসনের মধ্যে কয়েকটি আসনের দাবিদার বাম এবং কংগ্রেসও৷ ফলে মোট আসন সংখ্যায় বেশ কিছুটা অদল বদলের সম্ভাবনা থেকেই যাচ্ছে৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, News18 বাংলার বুথ ফেরত সমীক্ষায় তা স্পষ্ট৷ যদিও এই সমীক্ষা কতটা মেলে তা জানা যাবে আগামী ৪ মে৷
এ দিন আরও বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষার ফলও প্রকাশিত হয়েছে৷ অধিকাংশ সমীক্ষাতেই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে৷ তবে Peoples Pulse-এর বুথ ফেরত সমীক্ষায় পশ্চিমবঙ্গে তৃণমূল ১৭৭ থেকে ১৮৭টি আসন দেওয়া হয়েছে৷ বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৩টি আসন৷
আবার এবিপি-র বুথ ফেরত সমীক্ষায় বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত৷ তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন৷ বিজেপি ১৪৬ থেকে ১৬১টি আসনে জয়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এবিপি৷ অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১০টি আসন৷
পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বাংলায় বিজেপি জয়ী হতে পারে ১৪২ থেকে ১৪১টি আসনে৷ তৃণমূল জিততে পারে ৯৯ থেকে ১২৭টি আসনে৷ অন্যান্যরা পেতে পারে ৫ থেকে ৯টি আসন৷
Matrize- এর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন৷ অন্যদিকে তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন৷