• ভার্চুয়াল শুনানির মধ্যে চলতে শুরু করল পর্ন মুভি, দিল্লি হাইকোর্টে চাঞ্চল্য
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৬
  • আদালতে ভার্চুয়াল শুনানি (Virtual Hearing) চলছে। বাদী আর বিবাদীর মধ্যে চলছে জোর সওয়াল। আচমকাই ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠল পর্ন মুভি। আচমকাই এমন ঘটনায় চমকে ওঠেন বিচারপতি। আইনজীবীরা তখন কোনও মতে মুখ লুকোচ্ছেন। বুধবার এমনই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো দিল্লি হাইকোর্টে (Delhi High Court)। ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় শুনানি। কী ভাবে সবার ল্যাপটপে পর্ন মুভি চলতে শুরু করল, তার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

    এ দিন দিল্লি হাইকোর্টে বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ারের ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানি চলছিল। আচমকাই স্ক্রিন জুড়ে চলতে শুরু করে পর্ন মুভি। সঙ্গে বন্ধ করে দেওয়া হয় শুনানি। কয়েক মিনিট পরে আবার ভার্চুয়াল শুনানি শুরু হয়। তখন জনৈক শীতিজিৎ সিং নামে এক ব্যক্তি লগ ইন করেন। তার পরেই ফের স্ক্রিন জুড়ে পর্ন মুভি চলতে শুরু করে।

    এর পরেই শুনানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দিল্লি পুলিশের সাইবার ক্রাইমে দায়ের হয় অভিযোগ। তদন্ত শুরু করে শীতিজিৎকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় তিনি জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টটি সম্ভবত হ্যাক হয়ে গিয়েছিল। সেই কারণেই এমন বিপর্যয় হয়। তবে তাঁকে গ্রেপ্তার করেনি দিল্লি পুলিশ। প্রাথমিক তদন্তেও হ্যাকিং হয়েছিল বলেই মনে করছেন তদন্তকারীরা।

    এ দিন দিল্লি হাইকোর্টের বেশ কয়েকটি এজলাসের ভার্চুয়াল শুনানিতে আচমকা পর্ন ভিডিয়ো চলতে শুরু করেছিল বলে অভিযোগ। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

    এর আগে পর্নোগ্রাফি নিষিদ্ধ করার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন জনৈক মামলাকারী। তাঁর দাবি ছিল, এই নিয়ে জাতীয় নীতি তৈরি করুক কেন্দ্রীয় সরকার। বিশেষ করে অপ্রাপ্তবয়স্করা যেন কোনও ভাবেই পর্ন মুভি দেখতে না পারেন, তার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রকাশ্যে পর্ন মুভি দেখায় নিষেধাজ্ঞা জারির দাবিও জানিয়েছিলেন তিনি। যদিও এই দাবি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই সবের মধ্যেই দিল্লি হাইকোর্টে পর্ন মুভি চালুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

  • Link to this news (এই সময়)