রায়গঞ্জের পলিটেকনিক কলেজে স্ট্রংরুমে ঢুকতে বাধা রায়গঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। স্ট্রংরুমের পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ তৃণমূল প্রার্থীর। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা এবং EVM ভর্তি ট্রাঙ্ক গাড়িতে লোড করে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে।
স্ট্রংরুমে অনিয়মের অভিযোগে সরব হয়েছেন খোদ তৃণমূল প্রার্থী। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় রায়গঞ্জে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জনতার রায় বন্দি সব ইভিএম বর্তমানে সুরক্ষিত রয়েছে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে। সেখানে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী পালা করে পাহারা দিচ্ছেন।
বুধবার দুপুরে স্ট্রংরুম পরিদর্শনের জন্য উপস্থিত হন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁর অভিযোগ, তিনি স্ট্রংরুমের ভিতরে যেতে চাইলে, প্রথমে বাধা দেওয়া হয়। পরে তিনি বিষয়টি জেলা নির্বাচনী আধিকারিককে জানান। শেষ পর্যন্ত AERO-র উপস্থিতিতে তিনি স্ট্রংরুমের ভিতরে ঢুকে সব কিছু পরিদর্শন করেন। স্ট্রংরুম থেকে বেরিয়ে এসে সেখানকার পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
তিনি বলেন, ‘এখানে অনেক কিছুই সন্দেহজনক রয়েছে। বুধবার ভোরে প্রায় ৪০ মিনিট এখানে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল।’ পাশাপাশি তাঁর আরও বড় অভিযোগ, ‘এই স্ট্রংরুম থেকে চারটি ট্রাঙ্ক বের করে নিয়ে গিয়ে গাড়িতে লোড করা হয়েছিল। পরে তৃণমূল কর্মীরা প্রতিরোধ করলে তা পুনরায় ফিরিয়ে আনা হয়। ট্রাঙ্ক নিয়ে যাওয়ার কোনও অনুমতি পত্র ছিল না। এর আগে কোনও ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, এখানে সিসিটিভি ক্যামেরার ছবি পর্যবেক্ষণের জন্য যে স্ক্রিন লাগানো রয়েছে, তা আকারে অত্যন্ত ছোট। তাই বড় স্ক্রিন লাগানোর আবেদন জানিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনও রকম চক্রান্ত করা হলে রায়গঞ্জের সাধারণ মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলবে।’
যদিও এই বিষয়ে রায়গঞ্জের মহকুমাশাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রার্থীর অভিযোগ ছিল, বুধবার ভোরে ৩টে থেকে ৩টে ৪০ মিনিট পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটরটি বন্ধ ছিল। ওই সময় প্রাকৃতিক দুর্যোগ চলছিল। সেই কারণে হয়তো সেটিতে সমস্যা ছিল। আমরা সেই ফুটেজ সংগ্রহ করে প্রার্থীকে দিয়ে দেবো। অন্য দিকে, তাঁর দাবি ছিল স্ট্রংরুম পরিদর্শন করতে বাধা দেওয়ার। কিন্তু তাঁকে একজন সরকারি আধিকারিককে সঙ্গে নিয়ে স্ট্রংরুম পরিদর্শন করানো হয়। পাশাপাশি ওঁর যে সব অভিযোগ ছিল সব মিটিয়ে দেওয়া হয়েছে।’