বাংলায় BJP Vs TMC ক্লোজ ফাইট, মাত্র ১০ আসন বেশি পেয়ে সরকার গড়তে পারেন মমতা
আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর সামনে আসতে শুরু করেছে বুথফেরত সমীক্ষা। কারও ইঙ্গিত এবার ক্ষমতার পালাবদল হচ্ছে। আবার কোনও কোনও সংস্থার দাবি ফের সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসই। Poll Of Exit Polls-এ সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে, বিজেপির থেকে সামান্য এগিয়ে তৃণমূল। ২৯৪টির মধ্যে তারা পেতে পারে ১৪৭ আসন। সেখানে নরেন্দ্র মোদী-অমিত শাহদের দলের ঝুলিতে থাকতে পারে ১৩৭ আসন। বাম ও কংগ্রেসের মিলতে পারে ২ টি করে আসন। আসুন দেখে নিই-
P-MARQ-এর বুথফেরত সমীক্ষার ফল বলছে, বিজেপি ১৫০-১৭৫টি আসনে জয়ী হতে পারে। তৃণমূল ১১৮-১৩৮টি আসন পেতে পারে। খাতা খুলতে পারবে না সিপিএম ও কংগ্রেস। মিম, AJUP-ও শূন্যের খাতায়। বুথফেরৎ সমীক্ষা যদি সত্যি হয় তবে ১৫ বছর শাসনের পর সরকার পড়বে তৃণমূলের। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে বিজেপি।
পিপলস পালসের অনুমান অনুযায়ী, রাজ্যে তৃণমূল ১৭৮-১৮৯টি আসন জিততে পারে। ম্যাজিক ফিগারে ১৪৮টি আসনের চেয়ে অনেক বেশি। অন্যদিকে, বিজেপি ৯৫-১১০টি আসন পেয়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকবে বলে অনুমান। বামেরা এবারেও কার্যত নিশ্চিহ্ন হতে পারে। একটি আসন জেতার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস মাত্র ১-৩টি আসন পেতে পারে। এই অনুমান সত্যি হলে, ২৯৪ আসনের বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার ক্ষমতায় আসতে পারেন।
ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষাও বলছে, বিজেপি ১৪৬-১৬১টি আসন পেতে পারে। তৃণমূল ১২৫-১৪০টি আসন পেতে পারে। খাতা খুলবে না বাম ও কংগ্রেসের। অন্যান্যরা ৬-১০টি আসন পেতে পারে।
চাণক্য স্ট্র্যাটেজিসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, ২৯৪ আসনে বিজেপি ১৫০-১৬০টি আসন জিততে পারে। তৃণমূল ১৩০-১৪০টি আসন পেতে পারে। অন্যান্যরা ৬-১০টি আসন। এখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৪৮টি আসন প্রয়োজন।
যদিও বুথফেরত সমীক্ষার অনুমান সবসময় মেলে না। এবার মেলে কিনা এখন তাই দেখার। আগামী ৪-ঠা মে ভোটের ফল ঘোষণা। ততদিন টানটান উত্তেজনার পরিস্থিতি জারি থাকবে।