বাংলায় সরকার গড়বে BJP, বলছে ২ বুথফেরত সমীক্ষা, বাম-কংগ্রেস খাতা খুলবে?
আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
পশ্চিমবঙ্গে BJP ক্ষমতায় আসতে চলেছে বলে মনে করছে একাধিক সংস্থার বুথফেরত সমীক্ষা। কত করে আসন পাচ্ছে BJP এবং TMC? এক নজরে বাংলায় সম্ভাব্য রায়...
> চাণক্য স্ট্র্যাটেজিস সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় আসতে পারে BJP। পেতে পারে ১৫০ থেকে ১৬০টি আসন। তৃণমূল সেখানে পেতে পারে ১৩০ থেকে ১৪০টি আসন। অন্যদিকে, কংগ্রেস কিংবা বামেদের শূন্যের গেরো কাটবে না বলেই মনে করছে এই সংস্থা। তবে অন্যান্যদের দেওয়া হয়েছে সম্ভাব্য ৬ থেকে ১০টি আসন।
> আবার Matrize সংস্থার বুথফেরত সমীক্ষাও বলছে, বাংলায় সরকার গড়বে BJP। পেতে পারে ১৪৬ থেকে ১৬১টি আসন। তৃণমূল সেখানে পেতে পারে ১২৫ থেকে ১৪০টি আসন। এই সংস্থাও বাম কিংবা কংগ্রেসকে সম্ভাব্য কোনও আসন দেয়নি। অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১০টি আসন।
> পিপলস পালস সংস্থার বুথফেরত সমীক্ষা অবশ্য কিছুটা অন্যরকম। তারা মনে করছে, প্রত্যাবর্তন হবে বাংলায়। তৃণমূলই হবে একক সংখ্যাগরিষ্ঠ দল। পেতে পারে ১১৭ থেকে ১৮৭টির মধ্যে আসন। BJP পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। এই সংস্থা মনে করছে খাতা খুলবে বাম-কংগ্রেস। হাত শিবির পেতে পারে ১ থেকে ৩টি আসন। বামেরা পেতে পারে ১টি।
দুই দফায় বাংলায় ভোট হয়েছে ২৯৪ আসনে। সরকার গড়তে গেলে পেতে হবে ১৪৮টি আসন। সেক্ষেত্রে তৃণমূল না BJP, কার পাল্লা ভারী, তা নিয়ে বিস্তর কাটাছেড়া চলছে এখন।
বুথফেরত সমীক্ষা কেবলমাত্র সম্ভাব্য ফলাফলের অনুমান, এটি ফাইনাল রেজাল্ট নয়। ফলে সবক্ষেত্রে যে বুথফেরত সমীক্ষার ফলাফলের সঙ্গে আসল রেজাল্টের মিল হয়, তেমনটা নয়। এটি কেবলমাত্র একটি আভাস।