• রাতভর জেগে সকালে সকালে বুথে ঘুরলেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ৩০ এপ্রিল ২০২৬
  • বুধবার বিকেল ৪টের পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।অবাধ ভোটের নামে দিনভর অত্যাচার চালানোর অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের নাম না-করে মমতা অভিযোগ করে বলেন, ‘ইজ ইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন?’ তাঁর কথায়, ‘জীবনে এমন দেখিনি। তা সত্ত্বেও বলছি তৃণমূলই জিতবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।’ সেই সঙ্গে কলকাতার একাধিক থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

    মমতার অভিযোগ, ‘নদিয়ার বিভিন্ন এলাকা, হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরো ক্যানিংয়ে অত্যাচার চালানো হয়েছে। কাল (মঙ্গলবার) রাত থেকে অত্যাচার চলছে।’ তিনি আরও বলেন, ‘কাল রাত থেকে আমাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমি এমন গণতন্ত্র কোথাও দেখিনি।’ নিজের বুথের দিকে দেখিয়ে তিনি বলেন, ‘দেখুন এখানে শুধু কেন্দ্রীয় বাহিনী। কোথাও রাজ্য পুলিশ নেই। বাহিনী দখল করে রেখেছে। ওদের উচিত সীমান্তে সুরক্ষা দেওয়া। দুঃখিত, আমি জীবনে এমন ভোট দেখিনি। আমার পাড়ায় ঢুকে মেয়েদের মেরেছে। অনেক জায়গায় এজেন্ট, প্রার্থীদের বার করে দেওয়া হচ্ছে।’

    তবে জেতার ব্যাপারে তিনি আশাবাদী। ‘ভিক্ট্রি’ চিহ্ন দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন মমতা। বুধবার সকাল থেকেই দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন, পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা।

    এদিন সকাল থেকেই ভবানীপুরের বিভিন্ন বুথে ঘুরতে দেখা গেল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বুথে ঘোরার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এদিন তিনি জানান, মঙ্গলবার সারা রাত জেগে পরিস্থিতির দিকে নজর রেখেছেন। মমতার অভিযোগ, জেলায় জেলায় তাঁর দলের নেতা-কর্মীদের নিশানা করছে বাহিনী।

    এদিন তিনি ভবানীপুরের চেতলা ও চক্রবেড়িয়া এলাকার একাধিক বুথ ঘুরে দেখেন। কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে একাধিকবার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি পুলিশ পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তাঁর দাবি, বাইরে থেকে আনা এই পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করে ভোটারদের ভয় দেখাচ্ছেন এবং অশান্তির পরিবেশ তৈরি করছেন।

    চেতলায় ফিরহাদ হাকিমের পাড়ার একটি বুথে যান মমতা। সেখানে গিয়ে ফিরহাদের সঙ্গে কথাও বলেন। ফিরহাদের বাড়িতে সোমবার রাতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশ পর্যবেক্ষকের যাওয়ার ঘটনায় ক্ষোভপ্রকাশ করেন তিনি। মমতার অভিযোগ, ‘মাঝরাতে ববির বাড়ি গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে। মহিলারা আতঙ্কিত।’ পরে মমতা পদ্মপুকুর রোড ধরে চক্রবেড়িয়ায় যান।

    চক্রবেড়িয়ার একটি বুথ থেকে কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচার’ নিয়ে সরব হন। মনে করিয়ে দেন তাঁর নিজের পদের কথা। নিজের প্রশাসনিক অবস্থান উল্লেখ করে তিনি বলেন, ‘মনে রাখতে হবে, আমি কিন্তু এখনও চেয়ারে আছি।‘ তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, পরিস্থিতি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন এবং সরাসরি নজরদারি চালাচ্ছেন।

    মঙ্গলবার রাত থেকেই কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তল্লাশির খবর সামনে আসে। এদিন সকালে সেই প্রসঙ্গেই ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার খোঁজখবর নেন। পরে অসীম বসুর কার্যালয়ে বসে পুরো ঘটনার বর্ণনা দেন।

    মমতার অভিযোগ, গভীর রাতে বাহিনী অসীম বসুর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে ভয় দেখায়। তখন তাঁর স্ত্রী ও সন্তান বাড়িতে একা ছিলেন। এমনকি মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা প্রশ্ন তোলেন, এভাবে কি গণতান্ত্রিক পরিবেশে ভোট সম্ভব? তাঁর কথায়, ‘আমাদের কর্মীরা মৃত্যুবরণ করবে, তবু মাথানত করবে না।‘

    নিজের মোবাইলে কিছু ছবি দেখিয়ে তিনি দাবি করেন, দলের কর্মীদের উপর অত্যাচার করা হয়েছে। তাঁর মতে, এটি গণতন্ত্রের পরিপন্থী এবং রাজনৈতিক সন্ত্রাসেরই উদাহরণ। সেই সময় ওই বুথে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী হাজির হন, যদিও তিনি কিছু দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলে যান।

    একই সঙ্গে ভাঙড়ে পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তোলেন মমতা। পরে সমাজমাধ্যমে পোস্ট করে একই অভিযোগ তোলে তৃণমূলও। সেখানে লেখা হয়, ‘মমতা স্পষ্ট করে দিয়েছেন আমরাও শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু বিজেপির নোংরা কৌশল চলতে থাকলে আমরা চুপ থাকব না।’ তৃণমূলের দাবি, বিজেপির ‘ভয়’, দমনের রাজনীতি চলবে না পশ্চিমবঙ্গে। তবে এর আগে ভোটের দিন সকালে মমতাকে বাড়ির বাইরে  দেখা যাইনি। সাধারণত বাড়ি থেকেই ভোটের খবরাখবর রাখেন তিনি। তারপর বেলার দিকে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। এই বারের ভোটে অন্য ছবি দেখল বাংলা। ভোটের সকালে বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)