জনপ্রিয় ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তা-ই নয়, শেষে নিজেও আত্মঘাতী হলেন যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের নাঙ্গানাল্লুর এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সুব্রামানিয়ান এবং নাগালক্ষ্মী (৪২)। সম্প্রতি তাঁদের মধ্যে বিবাদ চলছিল। দু’জনেই আলাদা থাকতেন। তাঁদের দুই সন্তান রয়েছে। বড় ছেলে হরিশ ভরদ্বাজ (২১) রাশিয়ায় মেডিক্যাল নিয়ে পড়াশোনা করছেন এবং ছোট ছেলে শৈলশ (১৮) প্রথম বর্ষের পড়ুয়া। তিনি চেন্নাইয়ে থাকেন। কিন্তু সুব্রামানিয়ান থাকতেন মাদুরাইতে। সম্প্রতি তিনি নাগালক্ষ্মীর সঙ্গে সমস্যা মেটাতে তৎপর হয়ে উঠেছিলেন। তাই এসেছিলেন চেন্নাইতে। অভিযোগ, গত ২৭ এপ্রিল তিনি তাঁর ছোট ছেলেকে কিছু মেসেজ পাঠিয়েছিলেন। তারপরই তিনি বাড়িতে ছুটে আসেন। দেখেন, তাঁর মা মৃত। অন্য ঘরে তাঁর বাবা গলায় দড়ি দিয়ে ঝুলছেন।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কিন্তু কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনার দিন সুব্রামানিয়ান এবং নাগালক্ষ্মীর বিবাদ চরমে ওঠে। রাগে স্ত্রীকে খুন করেন নাগালক্ষ্মী।