• এক্সিট পোল মানেই ‘এক্স্যাক্ট’ পোল নয়, ২০১৬-২৪ বারবার ভুল প্রমাণিত হয়েছে বুথ ফেরত সমীক্ষা
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • বঙ্গে ২০২৬ নির্বাচন পর্ব সাঙ্গ হল। ইতিমধ্যেই বিভিন্ন নামীদামি সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ্যে এসেছে। অধিকাংশ এক্সিট পোলই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে তৃণমূল ও বিজেপির। তবে খানিকটা এগিয়ে গেরুয়া শিবির। বেশ কয়েকটি এক্সিট পোলে ইঙ্গিত যে বঙ্গে পালাবদল হয়ে বিজেপি সরকার গড়তে পারে। আবার দু-একটি এক্সিট পোলে ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের প্রত্যাবর্তনেরও।

    তবে এই ধরনের এক্সিট পোলগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে অতীতে বারবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে বাংলার ক্ষেত্রে সেই প্রশ্ন ওঠাটা বাস্তবসম্মতও। কারণ বাংলার ক্ষেত্রে সাম্প্রতিক অতীতের কোনও এক্সিট পোলই মূল ফলাফলের সঙ্গে মেলেনি। আসলে এই ধরনের বুথ ফেরত সমীক্ষাগুলি সবসময় যে নিখুঁত হয়, তেমন নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক্সিট পোলের ফলাফলের সঙ্গে আসল ফলাফল একেবারেই মিলছে না। বস্তুত এই বুথ ফেরত সমীক্ষাগুলি আসল ফলাফল ইঙ্গিতমাত্র। এই আভাস দেখে আশাহত বা উচ্ছ্বসিত কোনওটিই হওয়ার কারণ নেই। আসল ফলাফলের জন্য ৪ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

    ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যেমন বাম-কংগ্রেস জোটের সঙ্গে তৃণমূলের কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল অধিকাংশ এক্সিট পোল। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা যায় বামেরা কার্যত সাফ। একচেটিয়া জয় পায় তৃণমূল। ২০২১ সালের বিধানসভাতেও একইরকমভাবে বিজেপি এবং তৃণমূলের কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিল অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা। সেবারও বিজেপি তৃণমূলের ধারেকাছে পৌঁছতে পারেনি। আবার ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি তৃণমূলকে টপকে যেতে পারে, এমন ইঙ্গিতও ছিল। সেবারও ফলাফল মেলেনি।

    ২০১৬ এক্সিট পোল
    পোল অফ পোলস
    তৃণমূল ১৬৩
    বাম-কংগ্রেস ১২৬
    বিজেপি+ ৫
    চূড়ান্ত ফলাফল: তৃণমূল ২১১, বাম-কংগ্রেস ৭৬, বিজেপি ৩

    ২০২১ এক্সিট পোল
    পোল অফ পোলস
    তৃণমূল ১৫৫
    বিজেপি ১২১
    সংযুক্ত মোর্চা ১৮
    চূড়ান্ত ফলাফল: তৃণমূল ২১৫ বিজেপি ৭৭ সংযুক্ত মোর্চা ১

    ২০২৪ লোকসভা এক্সিট পোল
    পোল অফ পোলস
    তৃণমূল ১৮
    বিজেপি ২২
    কংগ্রেস ২
    চূড়ান্ত ফলাফল তৃণমূল ২৯, বিজেপি ১২, কংগ্রেস ১

    ২০২৬ এক্সিট পোল
    পোল অফ পোলস
    তৃণমূল ১৪২
    বিজেপি ১৪৩
    বাম-কংগ্রেস ২
    চূড়ান্ত ফলাফল: ?

    তাৎপর্যপূর্ণভাবে যে ট্রেন্ডগুলির কথা বলা হল, সবগুলিতেই এক্সিট পোলে তৃণমূলের আসন সংখ্যা অনেকটা কম দেখানো হয়েছিল। তুলনায় বিরোধীদের আসন বেশি দেখানো হয়। আসলে বাংলার মতো রাজ্যে এক্সিট পোল করাটা বেশ কঠিন কাজ। এখানে মানুষের মুড বোঝাটা ভিনরাজ্যের তথাকথিত পোলস্টারদের জন্য বেশ কঠিন। তাছাড়া বাংলার ভোটে একটা বড় ফ্যাক্টর হন মহিলা ভোটাররা। যা অনেক ক্ষেত্রেই এক্সিট পোলগুলিতে ধরা পড়ে না। তৃণমূল কংগ্রেস এবারও আশাবাদী, এক্সিট পোল ২০১৬, ২০২১ এবং ২০২৪-এর মতো এবারও ভুল প্রমাণিত হবে। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে ক্ষমতায় ফিরছে তারাই।
  • Link to this news (প্রতিদিন)