শ্রীনগর: আগে লাদাখে কেবল লে ও কার্গিল—এই দুই জেলা ছিল। সদ্য ঘোষণা হয়েছে ৫ নতুন জেলার নাম। যার ফলে লাদাখে জেলার সংখ্যা বেড়ে হল ৭। তবে নতুন জেলাগুলিতে প্রশাসনিক ভারসাম্য নিয়ে বিতর্ক তীব্র হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সিদ্ধান্তে, মুসলিম বহুল কারগিল ৮০টি গ্রাম নিয়ে বৃহত্তম জেলায় পরিণত হয়েছে। যেখানে বৌদ্ধ অধ্যুষিত লে-তে রয়েছে ৪৪টি গ্রাম। সরকারি গেজেট অনুযায়ী, নতুন জেলাগুলি হল শাম, চাংথাং, নুব্রা, জান্সকার ও দ্রাস। ২০১১ সালের জনগণনা অনুসারে লাদাখের জনসংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার। তবে কার্গিলের বর্তমান অবস্থা সম্পর্কে উপত্যকার আইনজীবী মুস্তাফা হাজি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ‘একটি জেলায় ৮০টি গ্রাম থাকা কি মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাকে চিহ্নিত করার ইঙ্গিত নয়?’ অন্যদিকে, মিম প্রধান তথা সাংসদ আসাউদ্দিন ওয়েসি দাবি করেছেন, এই পুনর্বিন্যাস বৌদ্ধ–মুসলিম যৌথ রাজত্ব আন্দোলন ভাঙার কৌশল। তাঁর মতে, পাঁচটি বৌদ্ধ অধ্যুষিত, দুটি মুসলিম অধ্যুষিত।