• তামিলনাডুতে আবারও মুখ পুড়বে মোদির, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়, কেরল কংগ্রেসের, দেশে ‘শূন্য’ হতে চলেছে বামেরা
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গলবার রেনদীর্ঘ খরার পর আবার কি তামিল রাজনীতির সুপারস্টার হতে চলেছেন রুপোলি পর্দার এক সুপারস্টার? পাঁচ রাজ্যের এক্সিট পোলে সবথেকে চমকপ্রদ পূর্বাভাস—তামিলনাড়ুতে সুপারস্টার বিজয়ের উত্থান! বিজয়ের দল টিভিকে এবার কমবেশি ১৫ থেকে ২৫ আসন দখল করবে বলে সিংহভাগ বুথফেরত সমীক্ষার ইঙ্গিত। কিন্তু সকলকে ছাপিয়ে মিরাকল হওয়ার আভাস ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ সমীক্ষক সংস্থার। তারা ভবিষ্যদ্বাণী করেছে, ৯৮ থেকে ১২০ আসন পেয়ে এককভাবে সবথেকে বড়ো দল হবে টিভিকে। অর্থাৎ প্রথমবার রাজনীতির ময়দানে প্রবেশ করে এককভাবে সরকার পর্যন্ত গঠন করে ফেলতে পারেন বিজয়। সেটা যদি হয়, তাহলে এম  জি  রামচন্দ্রণ এবং জয়ললিতার পর তামিল রাজনীতিতে আবার আবির্ভাব ঘটবে নতুন সুপারস্টারের। বিজয় ছাপিয়ে যাবেন একই চেষ্টা করে ব্যর্থ হওয়া রজনীকান্ত-কমল হাসানকেও। যদিও এক্সিট পোল যে সত্যি হবে তার কোনো নিশ্চয়তা নেই। বেশিরভাগ সমীক্ষাই ২৩৪ আসনের তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনের দল ডিএমকে আবার সরকার ফিরছে বলে দাবি করছে। অর্থাৎ, আবারও দ্রাবিড়ভূমে মুখ পুড়তে চলেছে নরেন্দ্র মোদির। এআইএডিএমকের সঙ্গে জোট গড়ে লড়াই করা বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা দেখতে পায়নি কোনো সংস্থাই। 

    শুধু তামিলনাড়ু নয়, কেরলও অধরা থাকছে মোদির দল বিজেপির কাছে। সেখানে বিজেপি বিশেষ কিছু করতে পারবে না বলেই মত এক্সিট পোলের। যাবতীয় সমীক্ষক সংস্থার ইঙ্গিত, প্রথা মেনে এবার কেরলে সরকার গঠন করবে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ। একমাত্র ‘সম্বল’ কেরলে হেরে দেশে ‘শূন্য’ হতে চলেছে বামেরা। যদিও দুই জোটের মধ্যে আসন প্রাপ্তির পার্থক্য খুবই সামান্য হবে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে কেরল।

    অসম নিয়ে কোনো সারপ্রাইজের বার্তা নেই এক্সিট পোলে। কারণ, সেখানে আবার বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরতে চলেছে বিজেপি জোট— এরকমই পূর্বাভাস সমীক্ষক সংস্থাগুলির। আবার পুদুচেরিতে এনআরসি ও বিজেপি জোটের সরকারই পুনরায় জয়ী হয়ে সরকার গড়বে বলে পূর্বাভাস মিলেছে। বাংলার এক্সিট পোল সবথেকে দিশাহারা। কারণ, কেউ বাংলায় তৃণমূলকে দিয়েছে ২০৫। কেউ বিজেপিকে দিয়েছে ২০৫। কেউ বিজেপিকে দিয়েছে ১৪০, আবার তৃণমূলকেও দিয়েছে ১৪৬। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটে তামাম এক্সিট পোলকে ভুল প্রমাণ করেছে বাংলার জনগণ। এবারও তার অন্যথা হবে না বলে দৃঢ়বিশ্বাস তৃণমূলের।

    কেন এই সার্বিক ফলাফল মোদির জন্য সুখকর নয়? কারণ, অসমে বিজেপি জোটের জয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা সামান্যই। অসম বিজেপির এপিসেন্টার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সুতরাং, জয়ী হলে তাঁর একক কৃতিত্বই সবথেকে বেশি আলোচিত হবে। মোদি যদি এআইএডিএমকের সঙ্গে জোট করে তাদের ক্ষমতায় আনতে সক্ষম হন, একমাত্র তাহলেই তাঁর কৃতিত্ব ও ম্যাজিক অনেক বেড়ে যাবে। বাংলা এবং তামিলনাড়ুর ফলাফল মোদির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দুই রাজ্য এবারও হাতছাড়া হলে মোদির রাজনৈতিক অথরিটি ধাক্কা খাবে। 
  • Link to this news (বর্তমান)