• স্কুলে ভর্তির ফি ডবল! বিক্ষোভ, মানিকচকের মথুরাপুরে চাঞ্চল্য
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, মানিকচক: দ্বাদশ শ্রেণিতে দ্বিগুণ ভর্তি ফি নেওয়ার অভিযোগ করে বুধবার বিক্ষোভ দেখাল মথুরাপুর বিএসএস হাইস্কুলের ছাত্রছাত্রীরা। 

    অভিযোগ, অন্যান্য স্কুলে তিনশো টাকা ভর্তি ফি নেওয়া হলেও এখানে নেওয়া হচ্ছে ছ’শো টাকা।  এই ভর্তি ফি দিতে অস্বীকার করে বিক্ষোভে সামিল হয় দ্বাদশ শ্রেণিতে ভর্তি হতে চাওয়া প্রায় দুই শতাধিক পড়ুয়া। যদিও নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া হচ্ছে বলে দাবি প্রধান শিক্ষকের।

    মালদহ জেলার নাম করা স্কুলের মধ্যে অন্যতম মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়। তবে, গত কয়েক বছর বারবার বিতর্ক সঙ্গী এই বিদ্যালয়ের। এবার অভিযোগ, দ্বাদশ শ্রেণিতে ভর্তির জন্য নেওয়া  হচ্ছে ছ’শো টাকা। অথচ পাশের স্কুলে সেটাই অর্ধেক। সরকারি ফি যেখানে ২৪০ টাকা, কীভাবে এত টাকা নেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তোলে পড়ুয়ারা। অভিযোগ, তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি জানতে গেলে তিনি সাফ বলেন, ভর্তি না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যা শুনে পড়ুয়ারা বিদ্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রায় আধ ঘণ্টা ধরে বিক্ষোভ দেখানোর পর শান্ত হয় পড়ুয়ারা। পড়ুয়া মেহেনাজ বেগম, দেবজ্যোতি মণ্ডলরা বলে, গত কয়েক বছর অন্যান্য স্কুলের থেকে বেশি ভর্তি ফি নেওয়া হচ্ছে। প্রতিবার কমানোর আশ্বাস দিলেও কিছুই করা হয় না। বেশকিছু পড়ুয়া এবার ভর্তি হলেও তাদের রসিদ দেওয়া হয়নি। ভর্তি না হলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। তাই বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি ফি নেওয়া এবং বিদ্যালয়ের পঠনপাঠন উন্নত করা হোক।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতীন্দ্র নাথ দাস বলেন, পুরনো নিয়ম অনুযায়ী এবারও ভর্তি ফি নেওয়া হচ্ছে। শুধুমাত্র পার্শ্ববর্তী একটি গার্লস স্কুল ফি কম নেওয়ায় এই সমস্যা। ছ’শো টাকা ফি’র মধ্যে সরস্বতী পুজো, বিজ্ঞান বিভাগের ল্যাবের ফি রয়েছে। পড়ুয়াদের দাবি অনুযায়ী বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)