১ মে থেকে তিনদিনের ছুটি ভিড়ের আশায় দীঘার হোটেল মালিকরা
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, কাঁথি: বুধবার ভোট মিটলেই টানা তিনদিনের ছুটি। এদিকে আজ, ৩০ এপ্রিল বৃহস্পতিবার দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল, শুক্রবার পয়লা মে ছুটি। আর শনি ও রবিবার সপ্তাহান্তের ছুটি। কয়েকদিন ফাঁকা থাকার পর দীঘায় একটু একটু করে ভিড় বাড়তে শুরু করেছে। বুকিংও শুরু হয়েছে। যদিও রাজ্যের সাত জেলায় ভোটের কারণে বুধবার সেভাবে ভিড় ছিল না। স্বাভাবিকভাবে বৃহস্পতিবারও ভিড় হওয়ার সম্ভাবনা কম। তবে পরের তিনদিন দীঘায় ভালোই ভিড় হবে বলে আশা করছেন হোটেল মালিকরা।
উল্লেখ্য, তিথি অনুযায়ী জগন্নাথ মন্দিরের বর্ষপূর্তি অক্ষয় তৃতীয়ায়। তবে ক্যালেন্ডারের হিসেবে ৩০ এপ্রিল মন্দিরের প্রতিষ্ঠার বর্ষপূর্তি। গত বছর এপ্রিলের শেষদিনে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে অক্ষয় তৃতীয়ায় তিথি মেনে মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি হয়ে গিয়েছে। তবে তারিখ অনুযায়ী বর্ষপূর্তিতেও নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হবে যাবতীয় আচারবিধি। এরপর ১০৮টি তীর্থক্ষেত্রের জল দিয়ে অভিষেক পর্ব। জগন্নাথ সহ সকল দেবদেবীকে পরানো হবে নতুন পোশাক। অর্পণ করা হবে ছাপ্পান্ন ভোগ। ইসকনের বিদেশি ভক্তরা নাম সংকীর্তনে অংশ নেবেন। থাকছে শাস্ত্রীয় নৃত্যের আসর। রঙিন আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। বিশেষ দিনে আগত পুণ্যার্থী ও ভক্তদের জন্য প্রসাদেরও ব্যবস্থা করা হয়েছে। মন্দির ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস বলেন, ক্যালেন্ডারের হিসেব অনুযায়ী ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি। তাই দিনটিকে বিশেষভাবে পালন করা হবে।
জেলায় ভোটের কারণে গত ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত দীঘায় বাইরের জেলা কিংবা রাজ্যের পর্যটকদের দীঘায় হোটেলে থাকার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে দীঘা ফাঁকা হয়ে যায়। বছরভর পর্যটকের ভিড়ে গমগম করা এই পর্যটন কেন্দ্র একেবারে শুনশান হয়ে যায়। ২৪ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরও ভিড় ছিল না। তবে সেই পরিস্থিতি একটু একটু করে বদলাচ্ছে। পর্যটকরা আসতে শুরু করেছেন। সমুদ্র সৈকতে স্নানেও পর্যটকদের কমবেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দীঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, শুক্রবার থেকে ভিড় হবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যে তার জন্য বুকিংও শুরু হয়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই অর্থাৎ ৪ মে ভোটের ফলপ্রকাশের পর থেকে দীঘা তার চেনা ছন্দ নিয়ে ফিরবে বলেই আমরা মনে করছি।