• বহুতলে অবাঙালি ভোটার কোনদিকে হাওড়ায় অঙ্ক মিলছে না বিজেপির
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি, উত্তর হাওড়া, শিবপুরের একাধিক বহুতলে থাকা অবাঙালি ভোটারদের ভোট কতটা নিজেদের অনুকূলে টানতে পেরেছে বিজেপি, তা নিয়ে শঙ্কায় পদ্ম শিবির। আবাসন থেকে ভোট দেওয়ার ঢল নামলেও তার একটা অংশ যে গেরুয়া শিবিরের উপর বীতশ্রদ্ধ, তা উঠে এসেছে তাঁদের কথাবার্তায়। অবাঙালি ভোটারদের মন জয় করতে ভোটের দিনও বিজেপি অনেক চেষ্টা করলেও তাদের সেই উদ্যোগ মাঠে মারা গিয়েছে। মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন অনেক ভোটার।

    ভোট শুরুর আগে থেকেই বিজেপি অভিযোগ করে আসছিল, উত্তর হাওড়া, বালি, শিবপুর এবং মধ্য হাওড়ায় আবাসনে থাকা ভোটারদের ভোট দিতে দেওয়া হয় না। তালা লাগিয়ে দেওয়া হয় সকাল থেকে। এই বহুতলের বাসিন্দাদের একটা বড়ো অংশ অবাঙালি। বিজেপির দাবি, তাঁরা পদ্ম শিবিরের ভোটার। তাই তাঁদের ভোট দিতে দেয় না শাসক শিবির। এবারের ভোটে  কমিশন বহুতলকে গুরুত্ব দিয়েছে। অনেক আবাসনে বুথ হয়েছে। আর যেখানে বুথ হয়নি, সেখানকার ভোটাররা যাতে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করেছে কমিশন। তাঁদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আবাসনের গেটে। ফলশ্রুতিতে আবাসনের বাসিন্দারা নির্ভয়ে ভোট দিতে নীচে নেমেছেন। তাঁদের ভোট নিজেদের পক্ষে টানতে সকাল থেকে চেষ্টার কসুর করেনি বিজেপি। বারবার তাঁদের কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করেছেন বিজেপির নেতারা। অনেকের কাছে ফোনও গিয়েছে। এমনকি, তাঁদের নিজের রাজ্যের বহু ব্যবসায়ী বা নেতাকে দিয়ে মগজ ধোলাইয়ের চেষ্টা হয়েছে। কিন্তু তাঁদের কথা শোনা তো দূর, উলটে মুখ ঘুরিয়ে চলে গিয়েছেন অনেকেই। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা আয়ূশ আগরওয়ালের কোথায়, কমিশনকে ধন্যবাদ। এবার তাঁরা ভোট দিতে নীচে নামতে পেরেছেন বলে।  তাঁর প্রশ্ন এরজন্য বিজেপি কেন ক্রেডিট দাবি করছে? আর বঙ্গে তো শান্তি আছে। তাই এমন কাউকে আনা উচিত নয়, যাতে শান্তি ভঙ্গ হয়। আর ধর্ম ধর্ম করে কিছু হয় না। তাঁর এই কথাতেই ইঙ্গিত স্পষ্ট, কী চাইছেন অবাঙালি ভোটাররা। যে ভোটের সিংহভাগ তাদের বলে দাবি করে, সেই ভোটাররাই বিজেপিকে চিন্তায় ফেলে দিয়েছে। হাওড়ার গেরুয়া পার্টির নেতারা অবাঙালি ভোটের কত পার্সেন্ট পেলেন, এই অঙ্ক কষতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে তাঁদের।
  • Link to this news (বর্তমান)