নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বুধবার ভোটের সকাল। ঝিরঝির বৃষ্টি হচ্ছে। সেইসময় ভোট দিয়ে এসে বসলেন আরান্ডির ২৬৫ নম্বর বুথের যুবক বিরু হাজরা। তিনি মুম্বইয়ে স্বর্ণশিল্পীর কাজ করেন। গত প্রায় এক মাস ধরে বাড়িতেই ছুটিতে আছেন। কিন্তু কাজে যোগ দেওয়ার জন্য আগেই ট্রেনের টিকিট কেটে ফেলেছিলেন। তারমাঝে দ্বিতীয় দফায় ভোট পড়ায় তিনি যাত্রা বাতিল করে দেন। বিরু বলছিলেন, এবার ভোটটা দিতেই হত। কী হবে, ঠিক নেই। তাই ট্রেনের টিকিট বাতিল করে ভোটের জন্য রয়ে গেলাম। এবার তৎকালে টিকিট কেটে মুম্বইয়ে ফিরব।
ওই বুথেরই সনৎ হাজরাও এমব্রডারির কাজ করতে আগে ভিন রাজ্যে থাকতেন। মাস কয়েক আগে বাড়ি ফেরেন। ভোটের লাইনে দাঁড়িয়ে বলছিলেন, পরিবারের সবার নাম যাতে তালিকায় থাকে সেইজন্য এবার ভোটটা জরুরি। তাই আমার মতো বাকিরাও ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। খানাকুলের নতিবপুরের ৩০ বছরের যুবক তুষার পাত্র নবম শ্রেণি পর্যন্ত পড়েই হায়দরাবাদ চলে যান। তিনি সেখানে স্বর্ণশিল্পী। এবারই প্রথম ভোট দিলেন। ভোটের হাওয়া কোন দিকে জিজ্ঞাসা করতে বললেন, আমি এখানে থাকি না। তাই হাওয়া বলতে পারব না।