সংবাদদাতা, উলুবেড়িয়া: ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন বৃদ্ধ। অভিযোগ, ভোট দিয়ে বের হওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উদয়নারায়ণপুর বিধানসভার বলরামপুর প্রাথমিক বিদ্যালয়ে।
মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই (৮১)। বাড়ি উদয়নারয়ণপুরের কুরিট গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধ অসুস্থ ছিলেন। সেই কারণে তাঁর ছেলেও সঙ্গে যান। কিন্তু কেন্দ্রীয় বাহিনী ছেলেকে বুথে ঢুকতে দেয়নি। এক প্রকার বাধ্য হয়ে বৃদ্ধ একা ভোটকেন্দ্রে ঢোকেন। ভোট দেওয়ার পর বৃদ্ধ ধীরে ধীরে বুথ থেকে বের হওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাড়তাড়ি বুথ থেকে বৃদ্ধকে বের করে দেওয়ার জন্য ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে আমতা গ্রামীণ হাসাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান উদয়নারায়ণপুরের তৃণমূল প্রার্থী সমীর পাঁজা। তিনি বলেন, খুনি কেন্দ্রীয় বাহিনীর জন্য একজন মানুষের প্রাণ চলে গেল। বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিতের বক্তব্য, তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।