• পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক, পুনেতে অসুস্থ অন্তত ২৪ জন
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৬
  • পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক করে অন্তত ২৪ জন অসুস্থ পুনের কন্ধোয়ায়। যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে দু’জন দমকলকর্মীও রয়েছেন। সকলকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারে দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ১টা নাগাদ শোধনাগারের গোডাউনে থাকা একটি পুরনো ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করতে শুরু হয়। কিছু ক্ষণের মধ্যেই ওই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। তাতেই অসুস্থ হয়ে পড়েন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এলাকার লোকজনকে দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময়েই দেখা যায়, ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন দু’জন দমকলকর্মীও। তাঁদের দ্রুত স্যাসুন জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

    দমকলের এক অফিসার বলেন, ‘শ্বাসকষ্ট হয়েই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই খবর পাওয়া মাত্রই দমকলের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছিলেন। যে ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করেছে, তা মেরামত করা হয়েছে।’

    প্রশাসনিক সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়া সকলেই বর্তমানে সুস্থ। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা। জল শোধনাগারে যখন কাজ হতো, তখন সেটির দায়িত্বে থাকা এক কর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, গোটা ইউনিটটি অনেক দিন আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু কোনও কারণে ট্যাঙ্কটি থেকে গিয়েছিল গোডাউনে। সেখান থেকেই গ্যাস লিক করেছে।

  • Link to this news (এই সময়)