• জামিন পেলেন আইপ্যাকের বিনেশ চান্দেল, আবেদনের বিরোধিতা করেনি ED
    এই সময় | ৩০ এপ্রিল ২০২৬
  • আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন ভোটকুশলী সংস্থা আইপ্যাকের অন্যতম সহ–প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে জামিন পান তিনি। ঘটনাচক্রে বাংলায় ভোট মিটে যাওয়ার পরের দিনই এই জামিন। এ দিন আদালতে বিনেশের জামিনের আবেদনের বিরোধিতা করেনি ইডি।

    সূত্রের খবর, বিনেশের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলা দায়ের করেছিল দিল্লির অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW, Delhi)। প্রতারণা, ষড়যন্ত্রের অভিযোগ তুলে EOW চলতি বছরের ২৪ মার্চ মামলা দায়ের করে। তাদের অভিযোগ ছিল, IPAC হলো রাজনৈতিক পরামর্শদাতা কোম্পানি। তারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ টাকা নিয়েছে।

    এর পরেই গত ২ এপ্রিল দিল্লি ও বেঙ্গালুরুর একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। ওই দিন চান্দেলের দিল্লির বাড়িতে, বেঙ্গালুরুতে আইপ্যাকের আরও এক কর্তার বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে সূত্রের দাবি। তার আগে ৮ জানুয়ারি একই মামলায় কলকাতায় আইপ্যাকের অফিসেও হানা দেয় ইডি। ১৩ এপ্রিল দিল্লি থেকে গ্রেপ্তার হন বিনেশ।

    সে দিন রাতেই পাতিয়ালা হাউস কোর্টের অ্যাডিশনাল সেশনস জজ (অতিরিক্ত দায়রা বিচারক) শেফালি বারনালা টন্ডন অভিযুক্ত বিনেশ চান্দেলকে ১০ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ দেন। সেই মেয়াদ শেষ হওয়ার পরে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এরই মধ্যে আদালতে জামিনের আবেদন করেন বিনেশ। এই জামিনের আর্জি নিয়ে আদালতে ইডি কোনও বিরোধিতা করেনি বলেই আদালত সূত্রে খবর। এর পরেই অন্তর্বর্তী জামিনের নির্দেশ দেয় আদালত।

  • Link to this news (এই সময়)