গণনাকেন্দ্র নিয়ে জোড়া মামলা। ভোটের পরের দিনই মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় মামলা দায়ের করেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলায় দাবি করা হয়েছে, গণনাকেন্দ্রে সুপারভাইজ়ার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কর্মীদের নিয়োগ করছে কমিশন। যা বেআইনি বলে দাবি করেছেন তিনি। কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই দায়ের হয়েছে মামলা।
দ্বিতীয় মামলা দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, হঠাৎ করেই গণনাকেন্দ্রের স্থান বদল করা হচ্ছে। দুপুর ২টোয় জোড়া মামলার শুনানি হওয়ার কথা বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।
ভোটের আগেও নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। আদালতে অনেক ক্ষেত্রে স্বস্তিও পেয়েছেন মামলাকারীরা। যেমন ভোটের ৭২ ঘণ্টা আগে বাইক চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন। মামলা হয় হাইকোর্টে। আদালত বিধিনিষেধের আরোপের ক্ষেত্রে ভোটের আগে থেকে ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। এ বার গণনাকেন্দ্র নিয়ে মামলা।