• ৮ তারিখ মাধ্যমিকের রেজাল্ট, কোথায়-কীভাবে ডাউনলোড করবেন মার্কশিট? সম্পূর্ণ গাইডলাইন
    আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
  • বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হচ্ছে ৪ মে। আর তারপরেই বের হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট। জীবনের প্রথম বড় পরীক্ষা হল এই মাধ্যমিক। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে এই পরীক্ষা। এমনিতেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক নিয়ে সকল পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে এক চাপা উত্তেজনা, টেনশন কাজ করছে। তার ওপর ভোটের জন্য মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট  বেরোতেও দেরি হচ্ছে। ফলাফল কেমন তা ভেবে ভেবেই অনেক পড়ুয়ার রাতের ঘুম উড়ে গিয়েছে। তবে আর টেনশন নয়, কারণ ফল প্রকাশ হতে চলেছে ৮ মে। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের ৪ দিন পর, অর্থাৎ ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। ইতিমধ্যেই নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

    সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিক ৮৫ দিন পর এবারও প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।  গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। এবছর প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। জানা গিয়েছে, এবছর ২ হাজার ৬৮২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে ৫ লক্ষ ৪৪ হাজারেরও বেশি ছাত্র পরীক্ষা দিয়েছে। আর ৪ লক্ষ ২৬ হাজারেরও বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছে এবছর। 

    রেজাল্ট কীভাবে চেক করবে?
    প্রথমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ‌্যায় সাংবাদিক বৈঠক করবেন। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশিত হবে মাধ্যমিকের। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকেই ফলপ্রকাশ হবে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট জানতে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। মাধ্যমিকের  ফল  দেখার জন্য ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। করতে হবে লগ ইন।

    অনলাইনে ফলাফল দেখার ওয়েবসাইট
    পরীক্ষার্থীরা ফলাফল জানতে এবং মার্কশিট ডাউনলোড করতে নিচের ওয়েবসাইটগুলি ব্যবহার করতে পারবেন।
    wbresults.nic.in
    indiaresults.com
    এছাড়াও ছাত্রছাত্রীরা সরাসরি মোবাইল অ্যাপ এবং ডিজিলকার (Digilocker) থেকেও তাদের মার্কশিটের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবে। ইন্টারনেটের সমস্যা থাকলে এসএমএস (SMS)-এর মাধ্যমেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

    কীভাবে ডাউনলোড করবেন মাধ্যমিকের রেজাল্ট?
    অনলাইনে ফলাফল দেখতে এবং মার্কশিট ডাউনলোড করতে শিক্ষার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
    ১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in-এ প্রবেশ করতে হবে।
    ২. হোমপেজে থাকা ‘Madhyamik 10th marksheet PDF’ লিঙ্কে ক্লিক করতে হবে।
    ৩. নির্দিষ্ট স্থানে নিজের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্ম তারিখ (Date of Birth) দিয়ে লগ-ইন করতে হবে।
    ৪. স্ক্রিনে মাধ্যমিকের স্কোরকার্ডটি দেখা যাবে।
    ৫. সেখান থেকেই মার্কশিটটি ডাউনলোড করা যাবে। ভবিষ্যতের জন্য মার্কশিটটির একটি প্রিন্টআউট করে রাখা ভালো।
  • Link to this news (আজ তক)