• ভবানীপুরে কোন ওয়ার্ডে লিড পাবে না BJP? কোথায় কত লিড আসবে? বিস্তারিত বললেন শুভেন্দু
    আজ তক | ৩০ এপ্রিল ২০২৬
  • ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর টানটান ম্যাচে শেষ পর্যন্ত কার মাথায় জয়ের শিরোপা উঠবে, তা জানতে মুখিয়ে রাজ্যবাসী। এগজিট পোল থেকে শুরু করে গলির মোড়ে, অফিস পাড়ার চায়ের দোকানে সকলেই হিসেব নিকেশ কষে চলেছেন। তবে শুভেন্দু অধিকারী ভোট শেষে নিজেই জানিয়ে দিয়েছেন, ভবনীপুরের কোন কোন ওয়ার্ডের কোন বুথে কত ভোটে লিড পাবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের বুথেই হারবেন, সে কথাও পূর্বাভাসের মতো জানিয়ে দিয়েছেন BJP প্রার্থী।

    কোন কোন ওয়ার্ডে এগিয়ে থাকবে BJP?
    শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'লক্ষণীয় বিষয় হল, হাউজিংয়ের বাসিন্দারা এবং যাঁরা কোনও দিন ভোট দেননি, তাঁরা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে ৬৩, ৮২ এবং ৭৭ নম্বর ওয়ার্ডের মুসলিম ওয়ার্ডগুলিতে ৯৫ শতাংশ ভোট পড়ত। এবার হিন্দু বুথগুলিতে ৯৫ শতাংশ ভোট পড়েছে। গড়ে মুসলিম ভোটের হার ৮০-৮১ শতাংশ। হিন্দু ভোটের হার গড়ে ৮৫-৯০ শতাংশ।'

    কোন ধর্মের কত শতাংশ ভোট?
    বাঙালি, অবাঙালি, হিন্দি, বাংলা সব বাদ দিয়ে জয় শ্রীরামের ধ্বনিতে ভোট পড়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, '২০ হাজার গুজরাতি, ১২ হাজার মারোয়ারি, ৪ হাজার শিখ সমাজ, ৫ হাজার উৎকল সমাজ, ৮ হাজার ক্ষত্রিয় সমাজ ও ১২ হাজার পূর্বাঞ্চলীদের ভোটের হার ৯৬-৯৭ শতাংশ। ৯৫ শতাংশই BJP-তে ভোট দিয়েছেন। কাউকে ভয় না করে প্রকাশ্যেই তাঁরা বলেছেন পদ্মফুলে ভোট দিয়েছেন।' 

    পুরনো বাঙালি পরিবার, বর্ধিষ্ণ পরিবার, হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও হরিশ মুখার্জি রোডের বর্ধিষ্ণু বাঙালি পরিবারগুলি ঢেলে BJP-কেই ভোট দিয়েছেন বলে দাবি করেছেন শুভেন্দু। একইসঙ্গে তাঁর দাবি, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশনে হারবেন অন্তত ২০০ ভোটে।' হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ্যমন্ত্রীর বাসভবনের পাশের বাড়ির ভদ্রমহিলা দুপুরবেলা তাঁকে পাবদা মাছ খাওয়ানোর নিমন্ত্রণ করেছেন বলেও জানান শুভেন্দু। তিনি বলেন, 'এগুলো সাজানো বা ড্রামা নয়। বিকেলবেলা রমেশ মিত্র ইনস্টিটিউশনে যাচ্ছিলাম তখন অনেক গরিব মানুষ, যাঁরা ধনীদের বাড়িতে পরিচারিকার কাজ করেন, আয়ার কাজ করেন, তাঁরা যে ভাবে ভালোবাসা দিয়েছেন, আমি করজোড়ে ধন্যবাদ জানাচ্ছি।'

    সবশেষে আত্মবিশ্বাসের সুরে শুভেন্দু বলেন, 'আমি নিশ্চিত ৭টি ওয়ার্ডে ন্যূনতম ৩০ হাজার লিড থাকবে BJP-র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৭ নম্বর ওয়ার্ডে ১০ হাজার লিড থাকবে। ন্যূনতম ২০ হাজার ভোটে এখান থেকে আমি জিতব আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে দ্বিতীয়বার হারবেন। তাঁকে রাজনৈতিক বানপ্রস্থে যেতে হবে।' 

     
  • Link to this news (আজ তক)